1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬, ০৫:১৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

ওমানে উটের ধাক্কায় গাড়ি উল্টে বাংলাদেশি এক পরিবারের চারজন নিহত

  • আপডেট টাইম :: শনিবার, ১০ জানুয়ারী, ২০২৬

আন্তর্জাতিক ডেস্ক: মধ্যপ্রাচ্যের দেশ ওমানে সড়ক দুর্ঘটনায় চট্টগ্রামের ফটিকছড়ির একটি পরিবারের চার সদস্য নিহত হয়েছেন।

স্থানীয় সময় শুক্রবার বাংলাদেশ সময় রাত ৮টার দিকে ওমানের সালালাহ নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তিদের স্বজন ও উপজেলা প্রশাসন সূত্রে এই তথ্য জানা গেছে।

নিহত ব্যক্তিদের মধ্যে ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়নের ছোট ছিলোনিয়া গ্রামের বাসিন্দা মো. শফিউল আলমের স্ত্রী বিলকিস বেগম, তাঁর ছেলে মুহাম্মদ সাকিবুল হাসান, জামাতা মুহাম্মদ দিদারুল আলম রয়েছেন। এ ছাড়া নিহত অপরজন শফিউল আলমের পুত্রবধূ। তাঁর নাম জানা সম্ভব হয়নি।

প্রবাসী শফিউল আলমের সঙ্গে ওমানে যৌথভাবে ব্যবসা করেন ফটিকছড়ির বাসিন্দা মুহাম্মদ পারভেজ।

তিনি জানান, শফিউল আলমের পরিবার দীর্ঘদিন ধরেই ওমানে বসবাস করে আসছে। গতকাল পরিবারের সদস্যরা সালালাহ এলাকায় মাজার জিয়ারতের উদ্দেশে একটি গাড়ি নিয়ে বের হয়েছিলেন। ফেরার পথে একটি উটের সঙ্গে ধাক্কা লেগে গাড়িটি উল্টে দুমড়েমুচড়ে যায়। এ সময় পরিবারের পাঁচ সদস্য আহত হন। হাসপাতালে নেওয়ার পর চারজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেছেন।

ফটিকছড়ির সুন্দরপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের দায়িত্বে থাকা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ নজরুল ইসলাম হতাহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, উটের সঙ্গে ধাক্কা লেগে একটি গাড়ি উল্টে চারজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। এক শিশু আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। বিস্তারিত জেনে নিহত ব্যক্তিদের লাশ দেশে আনার প্রক্রিয়া শুরু হবে।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com