1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০২:৪৪ অপরাহ্ন

পুলিশের বাধায় সচিবালয় থেকে ফিরে নগর ভবনের সামনে ইশরাক সমর্থকদের অবস্থান

  • আপডেট টাইম :: শনিবার, ১৭ মে, ২০২৫

ঢাকা : ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) মেয়র হিসেবে বিএনপির ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেয়ার দাবিতে সচিবালয় অভিমুখে লংমার্চে পুলিশের বাধার মুখে পড়েছেন তার সমর্থকরা। বাধার মুখে তারা পুনরায় নগর ভবনের সামনে এসে অবস্থান নেয়। বর্তমানে তারা সেখানে অবস্থান করছে।

এর আগে শনিবার (১৭ মে) সকাল ৯টা থেকে নগর ভবনের সামনে অবস্থান কর্মসূচি শুরু হয়। সেখানে প্ল্যাকার্ড, ব্যানার হাতে নিয়ে বিক্ষোভকারীরা স্লোগান দিতে থাকেন ‘ইশরাককে মেয়র করো’, ‘ভোটের অধিকার ফিরিয়ে দাও’, ‘দুর্নীতিবাজ প্রশাসনের পতন চাই’ ইত্যাদি।

বেলা ১১টার দিকে বিক্ষোভকারীরা নগর ভবন থেকে মিছিল নিয়ে সচিবালয়ের দিকে রওনা দেন। মিছিলটি গুলিস্তান, জিরো পয়েন্ট, পল্টন মোড়, প্রেসক্লাব, হাইকোর্ট, শিক্ষা ভবন ও বঙ্গবাজার হয়ে সচিবালয়ের প্রবেশমুখে পৌঁছায়। তবে সেখানে পুলিশের ব্যারিকেডে আটকে যায় মিছিল।

জিরো পয়েন্ট, প্রেসক্লাবের দক্ষিণ গেট এবং শিক্ষা ভবনের সামনে ছিল কঠোর নিরাপত্তা ব্যবস্থা। ব্যারিকেডের সামনে কিছু সময় স্লোগান দিয়ে বিক্ষোভকারীরা পরে পুনরায় নগর ভবনের সামনে ফিরে যান এবং অবস্থান কর্মসূচি চালিয়ে যান।

এক বিক্ষোভকারী বলেন, আমরা শান্তিপূর্ণভাবে জনগণের দাবি জানাতে গিয়েছিলাম, কিন্তু ব্যারিকেড দিয়ে আমাদের পথ রোধ করা হয়েছে। আমরা কোনো বিশৃঙ্খলা করিনি।

আন্দোলনকারীরা জানান, দুপুর ২টা পর্যন্ত তারা নগর ভবনের সামনেই অবস্থান করবেন এবং এরপর নতুন কর্মসূচি ঘোষণা করবেন।

এই আন্দোলনে আজও একাত্মতা প্রকাশ করেছে ডিএসসিসির সাধারণ কর্মচারীরা। সকাল থেকেই তারা সব কার্যক্রম বন্ধ রেখে নগর ভবনের নিচতলায় মঞ্চ বানিয়ে অবস্থান নেন এবং গেটগুলোতে তালা ঝুলিয়ে দেন।

সাধারণ নাগরিক, ব্যবসায়ী ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন। তাদের মতে, ইশরাক হোসেন ঢাকাবাসীর স্বপ্নের প্রতীক এবং গণতন্ত্র পুনরুদ্ধার ও ভোটাধিকার প্রতিষ্ঠার জন্য তাকে মেয়র হিসেবে দেখতে চান অনেকেই।

এর আগে বৃহস্পতিবার দ্বিতীয় দিনের অবস্থান কর্মসূচি থেকে আজকের সচিবালয় অভিমুখে কর্মসূচির ঘোষণা দেয়া হয়েছিল।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com