1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ২৯ জুন ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

‘তিন গোয়েন্দা’ খ্যাত লেখক রকিব হাসানের মৃত্যু

  • আপডেট টাইম :: বুধবার, ১৫ অক্টোবর, ২০২৫

বাংলার কাগজ ডেস্ক : তিন গোয়েন্দা সিরিজের লেখক রকিব হাসান ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। বুধবার (১৫ অক্টোবর) দুপুরে রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে শেষনিশ্বাস ত্যাগ করেন তিনি। গণস্বাস্থ্য সমাজভিত্তিক মেডিকেল কলেজের উপাধ্যক্ষ ডা. মহিবুল্লাহ খন্দকার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘রকিব হাসান নিয়মিত আমাদের হাসপাতালে এসে কিডনি ডায়ালাইসিস করেন। আজও তিনি এসেছিলেন। তবে ডায়ালাইসিস শুরুর কিছুক্ষণ আগে তার মৃত্যু হয়।’

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি দীর্ঘদিন কিডনি রোগে ভুগছিলেন। রকিব হাসানের ছেলে রাহিদ হাসান জানান, ডায়ালাইসিসের জন্য আজ দুপুরে বাবাকে হাসপাতালে নিয়ে এসেছিলেন। ডায়ালাইসিসের পরপরই তিনি মারা যান।

রকিব হাসানের দুটি কিডনিতেই সমস্যা হয়েছিল জানিয়ে ছেলে রাহিদ বলেন, তিন মাস ধরেই তার বাবার শারীরিক অবস্থার অবনতি হচ্ছিল।

তিনি আরও জানান, রাজধানীর বাসাবোতে তার বাবার মরদেহ নিয়ে যাওয়া হচ্ছে। বাসাবোর একটি কবরস্থানে তাকে দাফন করা হতে পারে। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বাংলাদেশের বইপড়ুয়াদের একটি বড় অংশের কৈশোরের নিত্যসঙ্গী তিন গোয়েন্দা। জননন্দিত এ সিরিজের স্রষ্টা রকিব হাসান। তার জন্ম ১৯৫০ সালের ১২ ডিসেম্বর; কুমিল্লায়। তবে বাবার বদলির চাকরির সুবাদে ছেলেবেলা কেটেছে ফেনীতে। ফেনী থেকেই স্কুলজীবন শেষ করে তিনি ভর্তি হন কুমিল্লার ভিক্টোরিয়া কলেজে। পড়াশোনার পাট চুকিয়ে নিয়মমতো যোগ দিয়েছিলেন চাকরিতেই।

কিন্তু কোথাও মন টেকেনি বেশি দিন। তাই একে একে বদলেছেন বেশ কটা চাকরি। অনেক চেষ্টার পরও অফিসের বাঁধাধরা নয়টা-ছয়টার ঘড়ির কাঁটায় আটকে থাকতে পারেননি। অবশেষে সব ছেড়েছুড়ে লেখালেখি শুরু করলেন একদিন। লেখক সত্তার সঙ্গেই নিজের অচ্ছেদ্য বন্ধন টের পেলেন। তারপর তো লেখালেখিকে বেছে নিলেন পেশা হিসেবে।

হলেন পুরোদস্তুর লেখক। আজ কয়েক প্রজন্মের পাঠকের কাছে জনপ্রিয় তিনি। লেখালেখির শুরুটা সেবা প্রকাশনীতে। নামে-বেনামে লিখেছেন চার শতাধিক বই। বিশ্বসেরা ক্লাসিক বইয়ের অনুবাদ দিয়ে শুরু করেছিলেন তিনি। একে একে লিখেছেন টারজান, গোয়েন্দা রাজু, রেজা-সুজা সিরিজসহ অসংখ্য জনপ্রিয় বই। তারপরও শুধু তিন গোয়েন্দার স্রষ্টা হিসেবেই অসংখ্য পাঠকের হৃদয়ের মণিকোঠায় ঠাঁই পেয়েছেন এই ভীষণ প্রচারবিমুখ মানুষটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com