
গাজীপুর : গাজীপুরের টঙ্গী টিএন্ডটি এলাকার বিটিসিএল জামে মসজিদের পেশ ইমাম মাওলানা মহিবুল্লাহ মাদানীকে অপহরণের একদিন পর পঞ্চগড় থেকে হাত-পা বাঁধা অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (২৩ অক্টোবর) সকালে সদর থানার হেলিপ্যাড বাজার এলাকা থেকে তাকে অচেতন অবস্থায় উদ্ধার করা হয়।
মাওলানা মহিবুল্লাহর ছেলে আব্দুল্লাহ জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয়রা তার বাবাকে একটি গাছের সঙ্গে লোহার শিকল দিয়ে বাঁধা অবস্থায় দেখতে পান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করে।
পুলিশ জানায়, বুধবার (২২ অক্টোবর) ভোরে ফজরের নামাজ শেষে হাঁটতে বের হয়ে নিখোঁজ হন মাওলানা মহিবুল্লাহ। খোঁজ না পেয়ে ওই দিন রাতেই তার পরিবার টঙ্গী পূর্ব থানায় লিখিত অভিযোগ দায়ের করে।
স্থানীয় সূত্রে জানা যায়, মাওলানা মহিবুল্লাহ মাদানী তার জুমার খুতবায় সামাজিক অবক্ষয় রোধে সচেতনতামূলক বক্তব্য দিতেন। সম্প্রতি তিনি ইসকন সংগঠন ও হিন্দু সম্প্রদায়ের কিছু সদস্যের মাধ্যমে মুসলিম মেয়েদের প্রতারণা করে ধর্মীয় অবক্ষয়ের অভিযোগ তুলে বয়ান দেন। এরপর থেকেই তাকে অজ্ঞাত সূত্রে হুমকি দেওয়া হয় এবং একাধিক উড়ো চিঠি পাঠানো হয়।
পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহিল জামান বলেন, আমরা মাওলানা মহিবুল্লাহ মাদানীকে অজ্ঞান অবস্থায় উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি। বর্তমানে তিনি চিকিৎসাধীন আছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।