
আন্তর্জাতিক ডেস্ক : দক্ষিণ আফ্রিকায় যাত্রীবাহী একটি বাস খাদে পড়ে অন্তত ২৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে ২০ জনই নারী। নিহত অন্যদের মধ্যে শিশু পাঁচজন এবং পুরুষ তিনজন।
এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। তাদের মধ্যে ছয়জনের অবস্থা আশঙ্কাজনক। উন্নত চিকিৎসার জন্য তাদেরকে পূর্ব লন্ডনের হাসপাতালে পাঠানো হয়।
সোমবার (১৭ আগস্ট) দেশটির ইস্টার্নকেপে এ দুর্ঘটনা ঘটে। দেশটির প্রাদেশিক পরিবহন দপ্তর সূত্রে এসব তথ্য জানা গেছে।
পরিবহন দপ্তর সূত্র জানায়, দোতলা ওই বাসটি প্রায় ৬০ জন যাত্রী নিয়ে কেপটাউন থেকে মথাথা নামক এলাকায় যাচ্ছিল। পথিমধ্যে ইস্টার্নকেপ এলাকায় পৌঁছালে দুর্ঘটনার শিকার হয়।
দেশটির পরিবহন দফতরের প্রাদেশিক মুখপাত্র উনাথি বিনকোস বলেন, ‘যারা প্রিয়জনকে হারিয়েছেন, তাদের প্রতি সমবেদনা জানাচ্ছি। মৃতদের শনাক্ত করতে পরিবারের সহযোগিতা চাওয়া হয়েছে। শনাক্ত হলেই মরদেহ সজনদের কাছে বুঝিয়ে দেয়া হবে।’
ভয়াবহ এ দুর্ঘটনার সঠিক কারণ অনুসন্ধানে তদন্ত চলছে বলেও জানান উনাথি বিনকোস।