
ঢাকা: করোনাভাইরাসের সংক্রমণের ঝুঁকি এড়াতেই বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে হাসপাতাল থেকে বাসায় নেওয়া হচ্ছে বলে জানিয়েছেন তার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্য ডা. এফ এম সিদ্দিকী। বাসায় মেডিক্যাল বোর্ডের সার্বক্ষণিক তত্ত্বাবধানেই খালেদা জিয়ার চিকিৎসা চলবে বলেও জানিয়েছেন ওই চিকিৎসক।
মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে সংবাদ সম্মেলনে এসব তথ্য জানিয়েছেন ডা. এফ এম সিদ্দিকী।
তিনি বলেন, ‘অনেক পরীক্ষা-নিরীক্ষা করে দেখেছি, আপাতদৃষ্টিতে মেজর ব্লিডিংয়ের চান্স থামানো গেছে। তারপরও তাকে সিসিইউতে রেখে ছয় দিন পর্যবেক্ষণ করেছি। তখনও দেখেছি, উনার আর ব্লিডিং হচ্ছে না। তাই, বাসায় পাঠানো হচ্ছে ওনাকে।’
মেডিক্যাল বোর্ডের এ সদস্য আরও বলেন, ‘উনার মূল যে অসুখ, সেটার যে প্রসিডিউর, হাই-প্রেসারের টোটাল সাপোর্টেশনের জন্য বাইপাস ড্রেন তৈরি করে দেওয়া, সেটা কিন্তু আমরা করতে পারিনি। আমরা যেটা করেছি, দৃশ্যমান বড় যে বেসিকগুলো ফেটে যাচ্ছিল, সেগুলোকে ব্যান্ডিং করেছি। উনার অবস্থা স্টেবল আছে। কিন্তু অদূর ভবিষ্যতে আবার যে ব্লিডিং হবে না, তার কোনো নিশ্চয়তা নেই।’
ডা. এফ এম সিদ্দিকী জানিয়েছেন, বেগম জিয়ার প্রধান সমস্যা লিভার সিরোসিস। যার সর্বশেষ চিকিৎসা লিভার পরিবর্তন করা। কিন্তু তিনি সেই শারীরিক অবস্থায় নেই।
বিএনপির ভাইস চেয়ারম্যান ডা. এ জেড এম জাহিদের সঞ্চালনায় সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন—ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নুরুদ্দিন আহমেদ, ডা. জাফর ইকবাল, ডা. লুৎফর আজিজ, ডা. শাহরিয়ার, ডা. আরমান রেজা, ডা. আল মামুন, ডা. শামসুল আরেফিন, ডা. আবু জাফর ও ডা. কবির প্রমুখ।