1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সার্চ কমিটির সঙ্গে বিশিষ্টজনদের দ্বিতীয়দফা বৈঠক আজ

  • আপডেট টাইম :: রবিবার, ১৩ ফেব্রুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : নতুন নির্বাচন কমিশন (ইসি) গঠনে রোববার (১৩ ফেব্রুয়ারি) বিকেলেও বিশিষ্টজনদের সঙ্গে সভায় বসছে অনুসন্ধান (সার্চ) কমিটি।

বিকেল ৪টায় সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে এই সভা হবে। এরই মধ্যে সভায় যোগ দিতে ২৩ বিশিষ্টজনকে আমন্ত্রণ জানিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ।

নতুন ইসি গঠনে শনিবার (১২ ফেব্রুয়ারি) প্রথম দফায় বেলা সোয়া ১১টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত এবং দ্বিতীয় দফায় দুপুর ১টা থেকে আড়াইটা পর্যন্ত বিশিষ্টজনদের মতামত নেয় সার্চ কমিটি। এই দুটি সভায় অধ্যাপক, গণমাধ্যমের শীর্ষ পর্যায়ের ব্যক্তি, সরকারি সাবেক কর্মকর্তা এবং সামরিক বাহিনীর সাবেক কর্মকর্তা, পেশাজীবী সংগঠনের নেতারাসহ বিভিন্ন পর্যায়ের বিশিষ্ট ব্যক্তিরা সভায় অংশ নেন।

মন্ত্রিপরিষদ বিভাগ থেকে পাওয়া তথ্য অনুযায়ী, রোববারের সভায় অংশ নিতে সাবেক নির্বাচন কমিশনার ব্রিগেডিয়ার (অব.) জেনারেল এম সাখাওয়াত হোসেন, সাবেক নির্বাচন কমিশনার আব্দুল মোবারক, লেফটেন্যান্ট কর্নেল (অব.) সাজ্জাদ আলী জহির (বীর প্রতীক), প্রজন্ম ৭১ এর আসিফ মুনির তন্ময় এবং ডা. নুজহাত চৌধুরী, সাংবাদিক ও লেখক হারুন হাবীব, সাবেক অতিরিক্ত আইজিপি নুরুল আলম, শিক্ষাবিদ ড. আইনুন নিশাত, সুজন সম্পাদক ড. বদিউল আলম মজুমদার, সংস্কৃতি ব্যক্তিত্ব নাসির উদ্দিন ইউসুফ, সম্মিলিত সাংস্কৃতিক জোটের গোলাম কুদ্দুস, বাংলাদেশ মুক্তিযুদ্ধ জাদুঘরের মফিদুল হক, শিক্ষাবিদ জাফর ইকবালকে আমন্ত্রণ জানানো হয়েছে।

এছাড়া কবি ও সাহিত্যিক মহাদেব সাহা, গীতিকার ও সুরকার গাজী মাজহারুল আনোয়ার, অধ্যাপক ডা. ওবায়দুল কবির চৌধুরী, অর্থনীতিবিদ ড. কাজী খলীকুজ্জামান, স্থানীয় সরকার বিশেষজ্ঞ ড. তোফায়েল আহমেদ, লেখক ও সাংবাদিক শাহরিয়ার কবির, অধ্যাপক মুনতাসীর মামুন, সাবেক মন্ত্রিপরিষদ সচিব এম আবদুল আজিজ, দৈনিক মানবজমিনের প্রধান সম্পাদক মতিউর রহমান চৌধুরী, দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানকে সভায় অংশ নিতে আমন্ত্রণ জানানো হয়েছে।

প্রসঙ্গত, কে এম নূরুল হুদার নেতৃত্বাধীন বর্তমান নির্বাচন কমিশনের মেয়াদ শেষ হচ্ছে আগামী ১৪ ফেব্রুয়ারি। নবগঠিত সার্চ কমিটি প্রধান নির্বাচন কমিশনার ও চারজন নির্বাচন কমিশনার নিয়োগের মাধ্যমে নতুন নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির কাছে সুপারিশ করবে। কমিটিকে সাচিবিক সহায়তা দিচ্ছে মন্ত্রিপরিষদ বিভাগ।

প্রধান নির্বাচন কমিশনার ও অন্যান্য নির্বাচন কমিশনার নিয়োগে সম্প্রতি আইন পাস করেছে জাতীয় সংসদ। আইনে বর্ণিত যোগ্যতা অনুযায়ী ব্যক্তিদের দিয়ে নির্বাচন কমিশন গঠনে রাষ্ট্রপতির নির্দেশনায় গত ৫ ফেব্রুয়ারি অনুসন্ধান (সার্চ) কমিটি গঠন হয়েছে। কমিটির সভাপতির দায়িত্ব পেয়েছেন আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি ওয়ায়দুল হাসান।

কমিটির অন্য সদস্যরা হলেন- হাইকোর্টের বিচারপতি এসএম কুদ্দুস জামান, বাংলাদেশের মহাহিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক মুসলিম চৌধুরী, বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) চেয়ারম্যান সোহরাব হোসাইন, সাবেক নির্বাচন কমিশনার ছহুল হোসাইন ও কথাসাহিত্যিক অধ্যাপক আনোয়ারা সৈয়দ হক।

পরের দিন (৬ ফেব্রুয়ারি) বিকালে সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে সার্চ কমিটি প্রথম বৈঠক করে। ওই বৈঠকে ইসি গঠনের জন্য দেশের সব নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর কাছে তাদের পছন্দের ১০ জনের নাম চাওয়ার সিদ্ধান্ত হয়। সিইসিসহ নির্বাচন কমিশনের পাঁচটি পদে সুপারিশ করার জন্য ১০ জনের নাম প্রস্তাব করার আহ্বান জানায় সার্চ কমিটি।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com