1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
রবিবার, ২৮ জুন ২০২৬, ০৬:১১ অপরাহ্ন

সারের দাম বাড়ানোর প্রস্তাব পাইনি: অর্থমন্ত্রী

  • আপডেট টাইম :: বুধবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২২

বাংলার কাগজ ডেস্ক : অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সারের দাম বাড়ানোর বিষয়ে কোনো প্রস্তাবনা অর্থ মন্ত্রণালয়ের কাছে আসেনি।’

বুধবার (১৬ ফেব্রুয়ারি) অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়, বৈঠক শেষে দুপুরে তিনি সাংবাদিকদের এ কথা জানান।

কৃষিমন্ত্রী জানিয়েছেন, সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি লাগবে, এই ভর্তুকি কমাতে অর্থ মন্ত্রণালয় থেকে চাপ দেওয়া হচ্ছে।

মন্ত্রী বলেন, ‘সারের দাম বাড়ানোর কথা কে বলেছে? উনি যদি ইঙ্গিত দিয়ে থাকেন, আমার জানা নেই, আপনারা কৃষিমন্ত্রীর সঙ্গে আলাপ করুন।’

তিনি আরও বলেন, ‘আমরা অর্থ মন্ত্রণালয় থেকে সবসময় দেশের, সরকারের ও জনগণের যে অর্থ সেটা দেখাশোনা করি। এই ম্যানেজমেন্টের দায়িত্ব আমাদের। এখন সবাই যদি সাশ্রয়ী হন, এতে অপ্রয়োজনীয় জিনিস যেনো না কেনা হয়, সেটার দায়িত্ব নিয়েই কাজ করতে হবে। দিন শেষে অর্থ মন্ত্রণালয়কে বিভিন্ন উপায়ে অর্থের জোগান দিতে হয়। যদি এভাবে ঘাটতি পড়তে থাকে, তাহলে ঘাটতি পূরণের জন্য ব্যবস্থা নিতে হবে।’

ভর্তুকি কমানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এই মুহূর্তে টোটাল অ্যামাউন্ট কী পরিমাণ লাগবে সেটা আমি জানি না। দাম বাড়ানো বা কমানোর কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি। এলে হয়তো জানতে পারতাম বা জানতে পারব আমাদের কী পরিমাণ অর্থ লাগবে। সে জন্য অপেক্ষা করতে হবে।’

আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংক কৃষি ও পল্লী ঋণের জন্য ১০ বছর মেয়াদে এক হাজার কোটি টাকা চেয়েছে। সে বিষয়ে তিনি বলেন, ‘আনসার ভিডিপি ব্যাংক থেকে সাহায্য সহযোগিতা চাচ্ছেন। এ বিষয়ে আমি এখনও চিঠি পাইনি। আমাদের যে আর্থিক প্রতিষ্ঠান বিভাগ সেখানে যোগাযোগ করে দেখব, আমরা কবে চিঠি পেয়েছি। তাদের যথাযথ প্রপোজালটা কী, সেটা জেনে আপনাদের অবহিত করব। তবে যদি আর্থিক প্রতিষ্ঠান বিভাগের বিবেচনায় তাদের প্রস্তাবনা যথাযথ হয় তাহলে ডেফিনেটলি তাদের একোমোডেট অবশ্যই করা হবে।’

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com