1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::
মানুষকে নিরাপদে ঢাকায় ফিরিয়ে নেওয়াই আমাদের লক্ষ : নৌপরিবহন প্রতিমন্ত্রী এপ্রিলের মধ্যে রাজধানীর যানজট সমস্যা অনেকটা নিরসন হবে: স্বরাষ্ট্রমন্ত্রী কুষ্টিয়ায় বিজিবির অভিযানে সোয়া ৬ কোটি টাকার এলএসডি উদ্ধার অবশেষে ভিয়েতনামে দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী ১০ শনিবার প্রাথমিক বিদ্যালয় খোলা জেট ফুয়েলের দাম একলাফে ৮০ শতাংশ বাড়ানো হয়েছে জুলাই যোদ্ধাদের দেওয়া ইনডেমনিটি সরকার গ্রহণ করবে: সালাহউদ্দিন আহমদ চাহিদা বাড়ায় তেলের সংকট, অতিরিক্ত না নেওয়ার পরামর্শ জ্বালানিমন্ত্রীর নাটোরে ট্রাক-ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহত তিন, আহত ৫ ঈদের ছুটি শেষে আজ থেকে খুলছে অফিস-আদালত ও ব্যাংক

শেরপুরের তিনটি আসন দখলে নিতে মরিয়া বিএনপি, ভাগ বসাতে চায় জামায়াত

  • আপডেট টাইম :: শুক্রবার, ২৪ অক্টোবর, ২০২৫

মনিরুল ইসলাম মনির : আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে শেরপুর জেলার তিনটি সংসদীয় আসনে নির্বাচনী হাওয়া বইছে পুরোদমে। ইতোমধ্যে প্রার্থীরা নিজ নিজ নির্বাচনী এলাকায় ব্যস্ত সময় পার করছেন গণসংযোগে। ভোটের মাঠে যেমন অধিকাংশ প্রার্থী সরব রয়েছেন, তেমনি দলীয় মনোনয়ন পেতেও দৌড়ঝাঁপ চলছে রীতিমতো। ভোটারদের সাথে কথা বলে জানা গেছে, শেরপুরের তিনটি আসনেই বিএনপি ও জামায়াত প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে। একদিকে নিজেদের হারানো তিনটি আসন পুনরুদ্ধারে মরিয়া বিএনপি। অন্যদিকে ৫ আগস্ট পরবর্তী নানা কার্যক্রমে সাধারণ ভোটারদের আস্থা কেড়ে নিয়ে ভোটের পাল্লা ভারি করছেন জামায়াত মনোনীত প্রার্থীরা। এছাড়াও দলীয় কোন্দল না থাকা এবং আগেভাগেই একক প্রার্থী ঘোষণায় বেশ সুবিধায় জামায়াতে ইসলামী।

অন্যদিকে ৫ আগস্ট পরবর্তী কতিপয় নেতাকর্মীর কর্মকাণ্ডে বিএনপিকে ঘিরে রয়েছে বিতর্ক। এছাড়াও সময়মতো কমিটি না করা, আভ্যন্তরীণ কোন্দলসহ নানা কারনে বেগ পেতে হচ্ছে বিএনপিকে। বড় রাজনৈতিক দল হিসেবে অসংখ্য প্রার্থী থাকায় নেতাকর্মী সংঘবদ্ধ রেখে মাঠ গোছাতে যেখানে বিএনপি নানা ভাগে বিভক্ত, সেখানে জামায়াতে ইসলামী ঐক্যবদ্ধ। এছাড়াও মাঠে রয়েছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি), ইসলামী আন্দোলন বাংলাদেশ, গণঅধিকার পরিষদ, আমার বাংলাদেশ (এবি পার্টি), খেলাফত মজলিস বাংলাদেশ, বাংলাদেশ খেলাফত মজলিসহ কয়েকটি রাজনৈতিক দল।

শেরপুর- ১:

শেরপুর জেলা সদর নিয়ে শেরপুর-১ আসন গঠিত। ১৯৯৬ সালের ১৫ ফেব্রুয়ারির নির্বাচনের পর থেকে এই আসনটি বিএনপি’র হাতছাড়া হয়ে যায়। দীর্ঘ সময় শেরপুর সদর আসনটি দখলে রেখেছে জাতীয় পার্টি ও আওয়ামী লীগ। এবারের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা হলেন- শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ডা. সানসিলা জেবরিন প্রিয়াংকা ও শেরপুর জেলা বিএনপির অপর যুগ্ম-আহবায়ক শফিকুল ইসলাম মাসুদ।

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সবচেয়ে কম বয়সী প্রার্থী (২৫ বছর) ছিলেন প্রিয়াংকা। তবে প্রভাবিত নির্বাচনে জনপ্রিয় হওয়া সত্তে¡ও তিনি আওয়ামী লীগ প্রার্থীর কাছে পরাজিত হন। অপর মনোনয়ন প্রত্যাশী শেরপুর জেলা যুবদলের সভাপতি ও জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মাসুদ। তিনি তৃণমূল ছাত্রদলের একজন কর্মী হিসেবে রাজনীতিতে এসে ছাত্রদলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদসহ জেলা ছাত্রদলের সভাপতির দায়িত্ব পালন করেন। তিনি ২০১৯ সালে বিএনপি’র প্রার্থী হিসেবে শেরপুর সদর উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করে ৫৫ হাজার ভোট পেয়েছিলেন। আওয়ামী লীগ পুলিশ কর্তৃক বিগত ১৭ বছরে তিনি ৩৫টি মামলায় ১৩ বার কারাবরণ করেন। আসন্ন নির্বাচনে বিএনপি থেকে মনোনয়ন প্রত্যাশী এই দুই প্রার্থীই বেশ আলোচনায়। প্রিয়াঙ্কার জনপ্রিয়তার পাশাপাশি বাবার সাম্প্রতিক রাজনৈতিক কর্মকাÐ নিয়ে তাকে বেশ বেগ পেতে হবে বলেও মনে করেন ভোটাররা।

অন্যদিকে জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হাফেজ রাশেদুল ইসলাম ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি। ২০০৮ সালের নির্বাচনে এই আসনে চার দলীয় জোট প্রার্থী জামায়াতে ইসলামের সাবেক কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মরহুম কামারুজ্জামান ১ লাখ ১০ হাজার ৭০ ভোট পেয়ে পরাজিত হয়েছিলেন। এবার তারই ছেলে হাসান ইমাম ওয়াফি এবি পার্টি থেকে প্রার্থী হয়েছেন। কামারুজ্জামানের সন্তান হিসেবে তার প্রতি রয়েছে এলাকার মানুষের সহানুভ‚তি। তবে জামায়াত ছেড়ে এবি পার্টির হয়ে তিনি কতটুকু সুবিধা আদায় করতে করতে পারেন, তাই এখন বিবেচ্য।

এছাড়াও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) থেকে প্রার্থী হতে যাচ্ছেন শেরপুর জেলার প্রধান সমন্বয়কারী ইঞ্জিনিয়ার মো. লিখন মিয়া। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশীরা হলেন- শেরপুর জেলা শাখার সভাপতি হাফেজ মাওলানা ফারুক আহমাদ ও ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট মতিউর রহমান। খেলাফত মজলিস বাংলাদেশের মনোনয়ন প্রত্যাশী হয়েছেন শেরপুর জেলা শাখার সভাপতি মাওলানা আব্দুল হালিম। গণধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশীরা হলেন শেরপুর জেলা শাখার আহবায়ক আরিফ আহমেদ ও সিনিয়র যুগ্ম-আহবায়ক এবং পেশাজীবী অধিকার পরিষদের জেলা সভাপতি এসএম শহিদুল ইসলাম সোহাগ।

শেরপুর- ২ :

নকলা ও নালিতাবাড়ী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-২ আসন। সবশেষ ২০০১ সালের জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে আওয়ামী লীগের প্রার্থী বেগম মতিয়া চৌধুরীকে পরাজিত করে এমপি নির্বাচিত হন বিএনপি’র প্রার্থী সাবেক হুইপ মরহুম জাহেদ আলী চৌধুরী। এরপর থেকে এই আসনটি বিএনপি’র হাতছাড়া হয়ে যায়। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা হলেন- শেরপুর জেলা বিএনপির যুগ্ম-আহবায়ক ও মরহুম জাহেদ আলী চৌধুরীর ছেলে প্রকৌশলী ফাহিম চৌধুরী, জেলা বিএনপির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রদলের সহসভাপতি আবু সুফিয়ান মোহাম্মদ ফয়জুর রহমান, শেরপুর জেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক ও শেরপুর সরকারি কলেজের সাবেক জিএস ফজলুর রহমান তারা, শেরপুর জেলা বিএনপি’র সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও নালিতাবাড়ী উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান একেএ মোখলেসুর রহমান রিপন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা ও জিসাসের কেন্দ্রীয় কমিটির সাবেক নির্বাহী সদস্য জাপান প্রবাসী দুলাল চৌধুরী এবং কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী ইলিয়াস খান। এছাড়াও ছাত্রনেতা সিরাজুল ইসলাম মানিক মনোনয়ন প্রত্যাশি হয়েছেন বলে প্রচারণা দিয়ে যাচ্ছেন অনেক আগে থেকেই।

এ আসনে পিতার পরিচয়ে ফাহিম চৌধুরী বেশ আলোচনায়। বাবার মৃত্যুর পর তিনি এই আসন থেকে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি’র দলীয় প্রার্থী হিসেবে অংশ নিয়ে প্রভাবিত নির্বাচনে পরাজিত হন। তবে রাজনীতির মাঝপথে তিনি রাজনৈতিক চাপে নেতাকর্মী বিচ্ছিন্ন হয়ে বিদেশে অবস্থান করায় রয়েছে বেশ বিতর্ক এবং গ্রুপিং।

অন্যদিকে নালিতাবাড়ীর সন্তান হিসেবে কেন্দ্রীয় ছাত্রদলের আবু সুফিয়ান তরুণ নেতৃত্ব হিসেবে মন কেড়েছেন তরুণ ভোটারদের। দুর্দিনে নেতাকর্মীদের পাশে সবসময় থেকে সবধরণের সহযোগিতা করে আলোচনায় রয়েছেন জাপান প্রবাসী দুলাল চৌধুরী ও আমেরিকা প্রবাসী ইলিয়াস খান। প্রকৃতপক্ষে, আওয়ামী লীগ শাসনামলে বিএনপি’র দুর্দশাগ্রস্ত নেতাকর্মীদের পাশে দাড়ানোর মতো কেউ যখন ছিলেন না, তখন দুলাল চৌধুরী ও ইলিয়াস খান ছিলেন ভরসার জায়গা। সাবেক উপজেলা চেয়ারম্যান একেএম মুখলেছুর রহমান রিপন টানা তিনবার ইউনিয়ন পরিষদ ইউপি চেয়ারম্যান এবং এরপরই উপজেলা পরিষদে উপজেলা চেয়ারম্যান হিসেবে টানা চতূর্থবারের মতো বিজয়ী হন। ফলে তার জনপ্রিয়তা ছিল ঈর্ষান্বিত। এছাড়াও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে তিনিই প্রথম দলীয় মনোনয়ন পান। তবে স্থানীয় নেতাকর্মীদের অধিকাংশ ফাহিম চৌধুরীর পক্ষে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসার সামনে অবস্থান নিয়ে রাস্তায় শোয়ে পড়লে তার মনোনয়ন পরিবর্তন করে ফাহিম চৌধুরীকে দেওয়া হয়।

এ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী হয়েছেন ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় বিতর্ক সম্পাদক মু. গোলাম কিবরিয়া ভিপি। তিনি শেরপুর জেলা জামায়াতের কর্ম পরিষদ সদস্য ও প্রচার বিভাগের সেক্রেটারি। ইতিমধ্যেই নির্বাচনী প্রচারণায় তার আসনের সকল ইউনিয়ন ও ওয়ার্ড চষে বেড়িয়ে ভোটারদের মন কেড়েছেন। সদালাপি, মেধাবী এ প্রার্থী বর্তমানে বেশ আলোচনায়। সাধারণ ভোটারদের স্পষ্ট কথা হলো, এর আগে আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টিকে ভোট দিয়েছি। একবার জামায়াতকে দিয়ে দেখি।

অন্যদিকে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশীরা হলেন- শেরপুর জেলা শাখার ১নং যুগ্ম-সমন্বয়কারী আলমগীর কবির মিথুন ও শ্রমিক সংগঠনের কেন্দ্রীয় সংগঠক তৌহিদুর রহমান সাঈদ। এবি পার্টির প্রার্থী হয়েছেন শেরপুর জেলা ছাত্রশিবিরের সাবেক সভাপতি মো. আব্দুল্লাহ বাদশা। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনয়ন প্রার্থী হয়েছেন শেরপুর জেলা শাখার সহ-সভাপতি মালানা আব্দুল্লাহ আল কায়েস। খেলাফত মজলিস বাংলাদেশের মনোনয়ন প্রার্থী হয়েছেন মুফতি মো. মোখলেসুর রহমান। গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী হলেন শেরপুর জেলার যুগ্ম-আহবায়ক কাজী হায়াত।

শেরপুর- ৩:

শ্রীবরদী ও ঝিনাইগাতী উপজেলা নিয়ে গঠিত শেরপুর-৩ আসন। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে এ আসন থেকে বিএনপি’র মনোনয়ন প্রত্যাশীরা হলেন শেরপুর জেলা বিএনপি’র সাবেক সভাপতি ও সাবেক তিন বারের এমপি মাহমুদুল হক রুবেল এবং বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা কাউন্সিলের সদস্য একেএম আমিনুল হক এফসিএ। সাবেক সাংসদ মাহমুদুল হক রুবেল এ আসনে তুমুল জনপ্রিয় নেতা। বিগত ১৭ বছরে আওয়ামী লীগ পুলিশ কর্তৃক বিভিন্ন মামলায় একাধিকবার কারাবরণ করেন। অপর মনোনয়ন প্রত্যাশী একেএম আমিনুল হক এফসিএ প্রথিতযশা চার্টার্ড একাউন্ট্যান্টস। বিগত আওয়ামী লীগ সরকারের সময়ে তার নামে দশটি রাজনৈতিক মামলা হয়। পরবর্তীতে তিনি এসব মামলা থেকে অব্যাহতি পান।

এছাড়াও জামায়াতে ইসলামীর মনোনীত প্রার্থী হয়েছেন শেরপুর জেলা জামায়াতের সেক্রেটারি নুরুজ্জামান বাদল। তিনি শেরপুর জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি। তিনি আওয়ামী লীগের সময় উপজেলা পরিষদ নির্বাচনে অংশ নিয়ে সন্তোষজনক ভোট পেয়ে পরাজিত হন। বর্তমানে ভোটের হাওয়ায় তার পালে বেশ সাড়া পড়েছে। নুরুজ্জামান বাদলকে হিসেব করেই বিএনপিকে এগুতে হবে, এমনটা বলছেন সাধারণ ভোটাররা।

অন্যদিকে এ আসনে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মনোনয়ন প্রত্যাশী হলেন- শেরপুর জেলার যুগ্ম-সমন্বয়কারী লুৎফর রহমান লাজু। এবি পার্টির প্রার্থী হলেন শেরপুর জেলার সাবেক জামায়াত নেতা মাহবুব উল আলম। ইসলামী আন্দোলন বাংলাদেশের মনোনীত প্রার্থী হয়েছেন মুফতি আবু তালেব মো. সাইফুদ্দিন। বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী হয়েছেন মাওলানা আনিসুর রহমান। গণঅধিকার পরিষদের মনোনয়ন প্রত্যাশী হয়েছেন শেরপুর জেলার যুগ্ম-সদস্য সচিব ও ঝিনাইগাতী উপজেলার আহবায়ক ইঞ্জিনিয়ার মো. মনিরুজ্জামান, জেলা কমিটির কার্যকরী সদস্য মাহমুদুল হাসান এবং শেরপুর যুব অধিকার পরিষদের সেক্রেটারি আবীর আহমেদ সুজন।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com