
বান্দরবান : বান্দরবানের আলীকদম উপজেলার দুর্গম এলাকার তিন সরকারি বিদ্যালয়ের ১৩ শিক্ষকের বিরুদ্ধে বিভাগীয় মামলার নির্দেশ দেওয়া হয়েছে। এই শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিদ্যালয়ে অনুপস্থিত থেকেও নিয়মিত বেতন-ভাতা নিচ্ছেন তারা। কেউ কেউ নিজেদের বদলে দিয়েছেন বর্গাশিক্ষক (টাকার বিনিময়ে নিজের পরিবর্তে অন্যজনকে দায়িত্ব দিয়ে যাওয়া); আবার কেউবা ব্যস্ত তামাক চাষসহ ভিন্ন ভিন্ন ব্যবসায়ে।
সম্প্রতি নানা অভিযোগের প্রেক্ষিতে গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনের প্রেক্ষিতে পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান অধ্যাপক থানজামা লুসাই এ নির্দেশ দেন।
শিক্ষকদের এমন উদ্ভটকাণ্ডে আলোচনায় আসা আলীকদমের ওই তিনটি প্রাথমিক বিদ্যালয় হালো- রেংপুং হেডম্যানপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, রাইতুমণি পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মেনকিউ মেনকপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়।
সম্প্রতি উপজেলা শিক্ষা কর্মকর্তাকে দেওয়া এক অফিস আদেশে জেলা পরিষদ থেকে বলা হয়, ওই তিন বিদ্যালয়ের ১৩ শিক্ষক কর্মস্থলে যাননি। শিক্ষার্থীদেরও পাঠদান করেননি। তবে নিয়মিত বেতন-ভাতা নিয়েছেন। বেতন নিয়ে তামাক চাষসহ বিভিন্ন ব্যবসা-বাণিজ্যের কাজ করেছেন। নিজেরা কর্মস্থলে অনুপস্থিত থেকে বর্গাশিক্ষক নিয়োগ দিয়েছেন।
অফিস আদেশে আরও উল্লেখ করা হয়, স্থানীয় বাসিন্দাদের অভিযোগ ও গণমাধ্যমের সংবাদে সত্যতা যাচাইয়ের জন্য জেলা পরিষদ থেকে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছিল। ওই তদন্ত কমিটি অভিযোগের সত্যতা পেয়েছে। এ ব্যাপারে বক্তব্য জানতে চাওয়া হলে ১৩ জনের কেউ সন্তোষজনক উত্তর দিতে পারেননি। তাই তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলাসহ প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হলো।
ব্যবস্থা নেওয়ার নির্দেশের বিষয়টি নিশ্চিত করে আলীকদম উপজেলার প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ কামাল হোসেন বলেন, স্কুল তিনটি অত্যন্ত দুর্গম এলাকায়। এ কারণে পরিদর্শনে যাওয়া কঠিন। তবে জেলা পরিষদের তদন্তের পরে শিক্ষা কার্যক্রম অনেক অগ্রগতি হয়েছে। ক্রমান্বয়ে স্বাভাবিক পর্যায়ে নিয়ে আসার চেষ্টা করা হচ্ছে।
জেলা পরিষদ সূত্রে জানা গেছে, ২০২২ সালের ১৩ এপ্রিল এই তিন বিদ্যালয় সরকারি করা হয়েছিল। সরকারিকরণের পর এই তিন বিদ্যালয়ের শিক্ষকদের বিরুদ্ধে অনুপস্থিতি, বর্গা শিক্ষক নিয়োগ, ভুয়া উপস্থিতি দেখিয়ে বেতন-ভাতা নেওয়ার অভিযোগ ওঠে। এরপর এ ঘটনা তদন্তের জন্য তিন সদস্যর কমিটি করা হয়। এতে জেলা পরিষদের প্রাথমিক শিক্ষাবিষয়ক কমিটির আহ্বায়ক রাজুময় তঞ্চঙ্গ্যাকে প্রধান করা হয়। পরে কমিটির সদস্যরা বিদ্যালয় পরিদর্শন করেন।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে রাইতুমণিপাড়া বিদ্যালয়ের প্রধান শিক্ষক মংসাথুই মারমা বলেন, আমি এক বছর প্রশিক্ষণে ছিলাম। বিদ্যালয়টি দুর্গম এলাকায় হওয়ায় সব শিক্ষকের পক্ষে, বিশেষ করে নারী শিক্ষকের প্রতিদিন উপস্থিতি থাকা সম্ভব হয় না। তবে বিদ্যালয় বন্ধ থাকে না।
মেনকিউ মেনকপাড়া বিদ্যালয়ের ভারপ্রাপ্ত শিক্ষক রাজিব ম্রো বলেন, দুর্গমতা ও পারিপার্শ্বিক পরিস্থিতির কারণে আগে বিদ্যালয়ে থাকার পরিবেশ ছিল না। বর্তমানে তারা বিদ্যালয়ের পাড়ায় থাকেন। নারী শিক্ষকদের সমস্যা এখনও কাটেনি। তাদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার আগে বাস্তব পরস্থিতি বিবেচনায় নেওয়া উচিত।