
নালিতাবাড়ী (শেরপুর): নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার পরপরই তফসিলকে স্বাগত জানিয়ে রাতে স্থানীয় সাংবাদিকদের সাথে মতবিনিময় সভা করেছেন শেরপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত সংসদ সদস্য প্রার্থী গোলাম কিবরিয়া ভিপি।
গত বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) রাতে নালিতাবাড়ী প্রেসক্লাব মিলনায়তনে এ মতবিনিময় সভা করেন তিনি।
মতবিনিমকালে তিনি বলেন, “আমাদের দল ঘোষণা দিয়েছে নির্বাচিত হলে কৃষকদের জন্য বিনা সুদে ঋণ দেবো। ক্ষুদ্র ঋণের জন্য তাদের কাছ থেকে কোন মুনাফা নেওয়া হবে না। আমরা এটা সরকারিভাবে ব্যবস্থা করবো এবং ব্যাংকের সাথে সমন্বয় করে কৃষকদের এই সুবিধা দেবো।
তিনি আরও বলেন, আমি নির্বাচিত হতে পারলে নকলা-নালিতাবাড়ীতে কৃষকের জন্য সর্বোচ্চ সুযোগ-সুবিধা নিশ্চিত করবো। দুই উপজেলায় দুটি স্বাস্থ্য কমপ্লেক্স ১৫০ শয্যায় উন্নীত করা হবে এবং ডাক্তারসহ পর্যাপ্ত জনবল নিয়োগ দেওয়া হবে। পর্যটনকে শিল্পে পরিণত করা হবে।
এসময় তিনি আচরণবিধি রক্ষায় নির্বাচনী পোস্টার, ব্যানার, ফেস্টুন ইত্যাদি দ্রুত নামিয়ে ফেলার জন্য দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান।
মতবিনিময়কালে অন্যান্যের মাঝে জামায়াতে ইসলামী নালিতাবাড়ী উপজেলা শাখার আমীর মাওলানা আফসার উদ্দিন, সেক্রেটারি শাহাদাৎ হোসেন বিএসসি, নকলা উপজেলা শাখার আমির গোলাম সারোয়োর, শহর জামায়াতের সাবেক আমীর দ্বীন মোহাম্মদ বক্তব্য রাখেন।