
স্টাফ রিপোর্টার: শেরপুরে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ এবং গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী শেরপুর জেলা শাখা।
বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বিকেলে শহরের ডিসি গেট থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে থানা মোড়ে গিয়ে শেষ হয়।
মিছিলে নেতৃত্ব দেন জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান। এ সময় উপস্থিত ছিলেন জেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ডিপি, কর্মপরিষদ সদস্য মাওলানা জাকারিয়া বাতেন, মাওলানা আব্দুল আউয়াল, মাহফুজুর রহমান, আব্দুল মতিন ও ডা. হাসানুজ্জামান।
এ ছাড়া শেরপুর পৌরসভা জামায়াতের আমীর প্রভাষক জাহিদ আনোয়ার, শেরপুর উপজেলা আমীর আব্দুস সোবাহান এবং ৭ নং ওয়ার্ডের সভাপতি ফজলুর রহমান সেলিমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা মিছিলে অংশ নেন।
সমাবেশে জেলা জামায়াতের আমীর মাওলানা হাফিজুর রহমান বলেন, ‘বাংলাদেশ নিয়ে যদি কেউ কোনো ষড়যন্ত্র করে, তাহলে জামায়াতে ইসলামী এ দেশের জনগণকে সঙ্গে নিয়ে তার দাঁতভাঙা জবাব দেবে, ইনশাআল্লাহ।’
জেলা শাখার সহকারী সেক্রেটারি গোলাম কিবরিয়া ডিপি বলেন, ‘আপা যেহেতু স্বেচ্ছায় আসতে চাচ্ছেন, তাহলে ১৬ ডিসেম্বরের অপেক্ষা কেন? আপা, আপনি আগামীকাল আসেন, আজকেই আসেন, আপনার জন্য ১৮ কোটি মানুষ প্রস্তুত আছে।’
কর্মপরিষদ সদস্য মাওলানা জাকারিয়া বাতেন বলেন, ‘আজ পর্যন্ত ইতিহাসে এমন কোনো নজির নেই যে, কোনো ফ্যাসিস্ট চলে যাওয়ার পর আবার দেশে ফিরে এসেছে।’
সমাবেশ থেকে আওয়ামী লীগের সন্ত্রাস-নৈরাজ্যের প্রতিবাদ জানিয়ে গণভোটের রায় বাস্তবায়নের দাবি জানান বক্তারা।