1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
শনিবার, ২১ মার্চ ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

এখনো উদ্ধার হয়নি ২ লাখ ৫৭ হাজার রাউন্ড গুলি ও ১৩৩১ অস্ত্র

  • আপডেট টাইম :: মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : ১১ ডিসেম্বরে তপশিল ঘোষণার পর থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত ৫৮ দিনে আধিপত্য বিস্তার, রাজনৈতিক, পারিবারিক, ব্যক্তিগত ও গোষ্ঠীগত বিরোধে দেশের বিভিন্ন জায়গায় পাল্টাপাল্টি সংঘর্ষ ও বেশ কয়েকটি হামলার ঘটনা ঘটেছে। এসব ঘটনার মধ্যে ৩৪টিতে আগ্নেয়াস্ত্র ব্যবহার করা হয়। পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় লুট হওয়া এক হাজার ৩৩১টি অস্ত্রের এখনও হদিস নেই। দুই লাখ ৫৭ হাজার ১৪৪ রাউন্ড গুলি পাওয়া যায়নি।

পুলিশের বিশেষ শাখার তথ্য বিশ্লেষণ করে দেখা যায়, অস্ত্রের ব্যবহার বেশি হয়েছে ঢাকা ও চট্টগ্রাম বিভাগে। ‘শুটিং ইনসিডেন্ট’ হিসেবে বিবেচিত গুলির ঘটনার ৪৬ শতাংশ এই দুই বিভাগে ঘটেছে। অস্ত্রের ব্যবহার কম হয়েছে ময়মনসিংহ, রংপুর ও গাজীপুর মহানগরে। পুলিশের লুণ্ঠিত এক হাজার ৩৩১টি অস্ত্র ও দুই লাখ রাউন্ডের বেশি গুলি এখনও বেহাত। কারাগারের লুণ্ঠিত ২৭টি অস্ত্র ও গুলি সাত হাজার রাউন্ডের হদিস নেই। আবার প্রতিদিন দেশের বিভিন্ন এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে অবৈধ অস্ত্র জব্দ হচ্ছে।

সোমবার (৯ ফেব্রুয়ারি) প্রধান উপদেষ্টার দপ্তর জানায়, তপশিল ঘোষণার পর থেকে নির্বাচন ঘিরে দেশে ২৭৪টি নির্বাচনী সহিংস ঘটনা ঘটেছে। এসব ঘটনায় হত্যাকাণ্ড হয়েছে পাঁচটি। তবে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) বলছে, তপশিল ঘোষণার পর ৩৬ দিনে সারাদেশে অন্তত ১৫ জন রাজনৈতিক নেতাকর্মী নিহত হন। মানবাধিকার সংস্কৃতি ফাউন্ডেশন (এমএসএফ) বলছে, জানুয়ারিতেই ৬৪টি নির্বাচনী সহিংসতা ও ২৪টি রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে।

পুলিশের বিশেষ শাখার হিসাবে তপশিল ঘোষণার পর থেকে ৮ ফেব্রুয়ারি পর্যন্ত গুলির ব্যবহার ঘটেছে ৩৪টি। এর মধ্যে ঢাকা বিভাগে অস্ত্রের ব্যবহার ৯টি, চট্টগ্রাম ৭টি, খুলনায় ৫টি, ঢাকা মহানগরে ৫টি, খুলনা বিভাগে ৪টি, রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম মহানগর ও রংপুর বিভাগে একটি করে গুলির ঘটনা ঘটেছে। এসব ঘটনায় নিহত হয়েছেন ১০ জন। তার মধ্যে ঢাকা মহানগরে দুজন, ঢাকা বিভাগে দুজন এবং চট্টগ্রাম ও খুলনা বিভাগে তিনজন করে ছয়জন হত্যার শিকার হন।

বিভিন্ন থানা ও ফাঁড়ি থেকে লুট হওয়া এক হাজার ৩৩১টি অস্ত্রের এখনও হদিস নেই। গুলি পাওয়া যায়নি দুই লাখ ৫৭ হাজার ১৪৪ রাউন্ড। পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, গণঅভ্যুত্থানের সময় থানাসহ বিভিন্ন জায়গা থেকে আইনশৃঙ্খলা বাহিনীর ৫ হাজার ৭৬৩টি অস্ত্র আর ৬ লাখ ৫২ হাজার ৮ রাউন্ড গুলি লুট হয়। অস্ত্র উদ্ধারের জন্য সরকার পুরস্কার ঘোষণা করলেও তাতে কোনো সাড়া পাওয়া যায়নি। এ ছাড়া কারাগার থেকে লুট হওয়া ২৭টি অস্ত্র ও ৭ হাজার রাউন্ড গুলি খোঁজ মেলেনি।

সংশ্লিষ্ট একাধিক কর্মকর্তা বলেন, অবৈধ অস্ত্র প্রবেশ ঠেকাতে সীমান্তবর্তী ৩৫ জেলার পুলিশ সুপারকে নজরদারি ও অভিযান বাড়ানোর নির্দেশনা দেওয়া হয়েছে। বিজিবি আরও সতর্ক রয়েছে।

দেশের বিভিন্ন এলাকায় সম্প্রতি সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনীর অভিযানে অস্ত্র, গুলি উদ্ধারের ঘটনা ঘটছে। ১৩ ডিসেম্বর ‘অপারেশন ডেভিল হান্ট ফেজ-২’ চালুর পর থেকে ২ ফেব্রুয়ারি পর্যন্ত সারাদেশে ২৪ হাজার ৬২০ জন গ্রেপ্তার এবং ৬৪৪টি আগ্নেয়াস্ত্র উদ্ধারের তথ্য দিয়েছে পুলিশ সদরদপ্তর। গ্রেপ্তার অনেকে জামিন পেয়েছেন।

এদিকে দেশে জাতীয় নির্বাচন ঘিরে সহিংসতার ঘটনা নতুন নয়। সব নির্বাচনে কম-বেশি হতাহতের নজির আছে। পুলিশ সদরদপ্তরের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে নির্বাচনী সহিংসতায় নিহত হন দুজন, আহত ৭৫০ জন। ২০১৮ সালের ভোটে সহিংসতায় মারা যান ১৬ জন ও আহত হন ৬৭০ জন। ২০১৪ সালের দশম নির্বাচনে সহিংসতায় মারা যান ১১৫ জন, আহত হন ৮৫৪ জন। ২০০৮ সালের নবম নির্বাচনে সহিংসতায় মারা যান সাতজন, আহত হন চারজন। ২০০১ সালের অষ্টম নির্বাচনে সহিংসতায় মারা ২৫ জন, আহত হন ৩৭৩ জন।

বেহাত অস্ত্র, সংঘর্ষ ও অস্ত্র জব্দের পরিসংখ্যান ভোটের মাঠের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে শঙ্কা উড়িয়ে দিচ্ছে না সংশ্লিষ্টরা। সম্প্রতি ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশের (টিআইবি) এক গবেষণা প্রতিবেদন প্রকাশ অনুষ্ঠানে সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, ‘আমরা মনে করি, এখন থেকে ১২ ফেব্রুয়ারি শুধু নয়, তার পরবর্তী বেশ কিছুদিন পর্যন্ত সহিংসতার ঝুঁকি রয়ে গেছে।’

প্রসঙ্গত, নির্বাচন ঘিরে ২০ জানুয়ারি থেকে এক লাখ সেনা সদস্য মোতায়েন করা হয়েছে। এ ছাড়া রোববার থেকে সব বাহিনীর ৯ লাখের বেশি সদস্য নির্বাচনী দায়িত্ব পালন শুরু করেছেন। সংসদ নির্বাচন উপলক্ষে দেশব্যাপী তৎপর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তথ্যসূত্র- সমকাল

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com