1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
বৃহস্পতিবার, ১১ জুন ২০২৬, ০৭:০০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

বেইলি রোড ট্র্যাজেডি: ১৩ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • আপডেট টাইম :: রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

বাংলার কাগজ ডেস্ক : রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ নামের ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় অর্ধশত প্রাণহানির ঘটনায় পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) দেয়া চার্জশিট গ্রহণ করেছেন আদালত। সেই সঙ্গে চার্জশিটে থাকা বিভিন্ন রেস্টুরেন্টের স্বত্বাধিকারীসহ ২২ আসামির মধ্যে পলাতক ১৩ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দিয়েছেন আদালত।

রোববার (১৯ এপ্রিল) আলোচিত এ মামলার শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. জুয়েল রানার আদালত পলাতক ১৩ আসামির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন। সেই সঙ্গে এ মামলায় গ্রেপ্তার সংক্রান্ত প্রতিবেদন জমার জন্য আগামী ১৯ মে দিন ধার্য করেছেন আদালত।

আসামিদের মধ্যে ৯ জন বর্তমানে জামিনে রয়েছেন। তারা হলেন- কাচ্চি ভাই রেস্তোরাঁর ব্যবস্থাপক জেইন উদ্দিন জিসান, কাচ্চি ভাই, খানাজ ও তাওয়াজ রেস্তোরাঁর স্বত্বাধিকারী মো. সোহেল সিরাজ, জেস্টি রেস্তোরাঁর মোহর আলী পলাশ ও মো. ফরহাদ নাসিম আলীম, চায়ের চুমুক কফিশপের স্পেস মালিক ইকবাল হোসেন কাউসার, ফুকো রেস্তোরাঁর স্বত্বাধিকারী আব্দুল্লাহ আল মতিন, ভবনের ষষ্ঠ তলার ব্যবস্থাপক মো. নজরুল ইসলাম খাঁন, আমিন মোহাম্মদ ফাউন্ডেশনের ব্যবস্থাপক মুন্সি হামিমুল আলম বিপুল এবং চায়ের চুমুক কফিশপের স্বত্বাধিকারী আনোয়ারুল হক।

২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাতে রাজধানীর বেইলি রোডের গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ওই ঘটনায় সবমিলিয়ে ৪৬ জনের প্রাণহানি ঘটে। পরবর্তীতে এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলা দায়ের করে।

রমনা মডেল থানার উপপরিদর্শক মোহাম্মদ শহিদুল ইসলামের করা ওই মামলার অভিযোগে বলা হয়, আসামিরা পরস্পর যোগসাজশে সরকারি বিধি-নিষেধ অমান্য করেন। সেই সঙ্গে তারা বিভিন্ন দপ্তরের বৈধ অনুমোদন না নিয়েই অবৈধভাবে হোটেল ব্যবসা পরিচালনাসহ হোটেলে গ্যাস সিলিন্ডার ও ইলেকট্রিক ওভেন ব্যবহার করেন। এর ফলে ২০২৪ সালের ২৯ ফেব্রুয়ারি রাত পৌনে ১০টার দিকে গ্রিন কোজি কটেজ ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে ৪৬ জন মানুষ নিহত হয়।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com