
বাংলার কাগজ ডেস্ক: এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীন আলিম পরীক্ষায় গড়ে ৬১ দশমিক শূন্য ৭ শতাংশ পরীক্ষার্থী পাস করেছেন। পাসের হারে ছাত্রদের পেছনে ফেলেছেন ছাত্রীরা। তবে জিপিএ-৫ পাওয়ার ক্ষেত্রে ছাত্ররা এগিয়ে রয়েছেন।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়। প্রকাশিত আলিম পরীক্ষার ফলাফলে এমন চিত্র উঠে এসেছে।
প্রকাশিত ফলাফল অনুযায়ী, আলিম পরীক্ষায় ছাত্রীদের পাসের হার ৬৪ দশমিক ৯০ শতাংশ। ছাত্রদের পাসের হার ৫৮ দশমিক ১০ শতাংশ। অর্থাৎ পাসের হারে ছাত্রদের চেয়ে ৬ দশমিক ৮০ শতাংশ পয়েন্ট এগিয়ে রয়েছেন ছাত্রীরা।
এ বছর আলিম পরীক্ষায় ২ হাজার ২৮ জন ছাত্র জিপিএ-৫ পেয়েছেন। ছাত্রীর সংখ্যা ১ হাজার ২২২। সবমিলিয়ে এ পরীক্ষায় জিপিএ-৫ পেয়েছেন ৩ হাজার ২৫০ জন শিক্ষার্থী। এক্ষেত্রে এগিয়ে রয়েছেন ছাত্ররা। অর্থাৎ জিপিএ-৫ এ ছাত্রদের সঙ্গে ছাত্রীদের ব্যবধান ৮০৬ জন।
ফলাফলে দেখা যায়, এ বছর আলিম পরীক্ষায় মোট ৮৯ হাজার ৩২১ জন শিক্ষার্থী অংশ নেন। তাদের মধ্যে ছাত্র ৫০ হাজার ৩৭৪ জন এবং ছাত্রী ৩৮ হাজার ৯৪৭ জন। পরীক্ষায় মোট ৫৪ হাজার ৫৪৭ জন উত্তীর্ণ হয়েছেন। এর মধ্যে ২৯ হাজার ২৬৯ জন ছাত্র এবং ২৫ হাজার ২৭৮ জন ছাত্রী। এবার আলিম পরীক্ষায় পাসের হার ৬১ দশমিক ০৭ শতাংশ।