
পিরোজপুরের ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে পার্ক করে রাখা দুটি যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগ করেছে দুর্বৃত্তরা। এতে বাসের ভেতরে ঘুমিয়ে থাকা সিয়াম (২৫) নামে এক হেলপার পুড়ে মারা গেছেন। বুধবার (১৮ নভেম্বর) ভোরের দিকে এ ঘটনা ঘটে। নিহত সিয়াম বরিশালের উজিরপুর উপজেলার ইদিলকাঠি গ্রামের বাসিন্দা কবির হোসেনের ছেলে।
পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, বুধবার ভোরে ভান্ডারিয়া বাসস্ট্যান্ডে দাঁড়িয়ে থাকা বরিশাল মালিক সমিতির ‘বাহক’ পরিবহন এবং ঝালকাঠি সমিতির ‘লিসা’ পরিবহনের দুটি বাসে দুর্বৃত্তরা আগুন ধরিয়ে দেয়। মুহূর্তের মধ্যে আগুন ভয়াবহ আকার ধারণ করে এবং দুটি বাসেই ছড়িয়ে পড়ে।
খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনেন। পরে আগুন নেভানোর একপর্যায়ে ‘বাহক’ পরিবহনের বাসের ভেতর থেকে অগ্নিদগ্ধ অবস্থায় হেলপার সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়।
এ বিষয়ে ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, বাসে আগুন লাগার খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। নিহত সিয়ামের মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।
ওসি আরও জানান, ক্ষতিগ্রস্ত বাসের মালিকদের খবর দেওয়া হয়েছে। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।