1. [email protected] : admin :
  2. [email protected] : banglar kagoj : banglar kagoj
সোমবার, ১৫ জুন ২০২৬, ০৩:০৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম ::

টাকা না পেয়ে ‘‌ক্রসফায়ার’‌, চকরিয়ার ওসির বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম :: সোমবার, ১৭ আগস্ট, ২০২০

চট্টগ্রাম : চট্টগ্রামের পটিয়া উপজেলায় মো. জাফর (৩৫) নামের এক প্রবাসীকে তুলে নিয়ে ক্রসফায়ারে হত্যার অভিযোগে চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ (ওসি) দুই পুলিশের বিরুদ্ধে আদালতে মামলা করা হয়েছে।

রোববার (১৬ আগস্ট) পটিয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বিশ্বেশ্বর সিংহের আদালতে এই দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে হত্যা মামলা করেন নিহত প্রবাসী জাফরের মামা ও বোয়ালখালী উপজেলার বাসিন্দা মুক্তিযোদ্ধা আহমদ নবী।

এজাহারে উল্লেখ করা হয়েছে, পটিয়া উপজেলার কচুয়াই ইউনিয়নের কথামৌজা গ্রামের মো. আবদুল আজিজের ছেলে মো. জাফর দীর্ঘদিন ওমানে ছিলেন। করোনাভাইরাস সংক্রমণ শুরুর আগে ওমান থেকে তিনি দেশে ফিরেন। কিন্তু লকডাউনের কারণে আর বিদেশে যেতে পারেননি। গত ২৯ জুলাই রাতে তাকে বাড়ি থেকে সাদা পোশাকধারী কয়েকজন ব্যক্তি তুলে নিয়ে যান। পরবর্তীতে ক্রসফায়ারের ভয় দেখিয়ে প্রবাসীর কাছ থেকে হারবাং পুলিশ ফাঁড়ির ইনচার্জ আমিনুল ইসলাম ৫০ লাখ টাকা দাবি করেন। কিন্তু প্রবাসীর পরিবার ওই টাকা দিতে পারেননি। এর দুই দিন পর প্রবাসীর পরিবারের কাছে চকরিয়া থানা পুলিশ ফোন করে মরদেহ নিয়ে যাওয়ার জন্য খবর দেয়।

বাদীর আইনজীবী নূর মিয়া বলেন, এই ঘটনাটি অমানবিক। ন্যায়বিচারের প্রত্যাশায় আদালতে এসেছেন পরিবারের সদস্যরা।

এর আগে গত ৩১ জুলাই পটিয়া পৌরসভার ৬নং ওয়ার্ডের সিএনজি চালক মো. হাসানকে চকরিয়া থানা পুলিশ তুলে নিয়ে ক্রসফায়ারে হত্যা করে বলে অভিযোগ ওঠে। হাসান পৌরসভার পাইকপাড়া গ্রামের আবুল কাশেমের ছেলে বলে পৌর কাউন্সিলর মো. শফিকুল ইসলাম জানিয়েছেন। তবে এ ব্যাপারে কোনো মামলা করেনি তার পরিবার।

শেয়ার করুন

এ জাতীয় আরো খবর
© All rights reserved © 2011-2020 BanglarKagoj.Net
Theme Developed By ThemesBazar.Com