
বাংলার কাগজ ডেস্ক : শেরপুরের নালিতাবাড়ীতে গত সোমবার রাতে মারা যাওয়া আত্মীয়ের লাশ দেখতে আসার পথে ময়মনসিংহের ফুলপুরে সড়ক দুর্ঘটনায় মারা গেছে নারী ও শিশুসহ একই পরিবারের ৮জন। মঙ্গলবার (১৮ আগস্ট) সকাল সাতটার দিকে বাঁশাটি নামক এলাকায় শেরপুর-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।
ফুলপুরের স্থানীয় সূত্রে জানা গেছে, ময়মনসিংহের গফরগাঁও ও ভালুকা থেকে মাইক্রোবাস রিজার্ভ করে নারী ও শিশুসহ ১৪জন নালিতাবাড়ীর বারমারী আসছিল। সকাল সাতটার দিকে ফুলপুর উপজেলার বাঁশাটি এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সাথে ধাক্কা লেগে পার্শ্ববর্তী পুকুরে পড়ে যায় মাইক্রোবাসটি। এতে তাৎক্ষণিকভাবে এক শিশু, ৫ নারী ও দুইজন পুরুষ নিহত হয়। ফুলপুরের ফায়ার সার্ভিস নিহতদের লাশ উদ্ধার করেছে। নিহতরা হলো- গফরগাঁওয়ের বাতুরি মশাখালী গ্রামের শামছুল হক (৬৫), একই উপজেলার শেখ বাজারের রিপা খাতুন (৩০) একই এলাকার রেজিয়া খাতুন (৫৩), পাগলা থানার মশাখালী গ্রামের পারুল আক্তার (৫০), ভালুকা উপজেলার বাকশিবাড়ি বিরুনিয়া গ্রামের মিলুয়ারা বেগম (৫৫), একই এলাকার বেগম (৩০) ও বুলবুলি আক্তার (৭) এবং তারাকান্দা থানার দাদরা গ্রামের নবী হোসেন (৩০)। এছাড়া মাইক্রোবাসে থাকা অপর ৬ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে।
নালিতাবাড়ীর সূত্র জানায়, উপজেলার পোড়াগাঁও ইউনিয়নের বারমারী বাজার এলাকার আন্দারুপাড়া গ্রামের আবুল হাশেমের বাড়ি আসছিল নিহত-আহতরা। আবুল হাশেম (৪২) গতকাল সোমবার দিবাগত রাত আটটার দিকে নিজ বাড়িতে ইন্তেকাল করেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে দশটায় তার নামাজে জানাযা হওয়ার কথা ছিল। এ কারণে ভালুকা ও গফরগাঁওয়ে থাকা তার নানা বাড়ির আত্মীয়-স্বজন মাইক্রোবাস ভাড়া করে সকালে আসছিল।