
বাংলার কাগজ ডেস্ক : মাতারবাড়ি গভীর সমুদ্রবন্দর প্রকল্প বাস্তবায়ন হলে তা আধুনিক সিঙ্গাপুর হবে বলে আশা প্রকাশ করেছেন বাংলাদেশে নিযুক্ত জাপানের রাষ্ট্রদূত ইতো নাওকি।
বুধবার (২৩ ডিসেম্বর) বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভীরের সঙ্গে আলাপচারিতায় তিনি এ আশাবাদ ব্যক্ত করেন।
ইতো নাওকি বলেন, করোনাভাইরাসের মহামারির প্রভাব মোকাবিলা করে অর্থনীতি পুনরুদ্ধারের ক্ষেত্রে বাংলাদেশ সাফল্য দেখিয়েছে। এক্ষেত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্ব প্রশংসনীয়। শুধু অর্থনীতি পুনরুদ্ধারই নয়, তার নেতৃত্বে যেসব তাক লাগানো অবকাঠামো উন্নয়ন হচ্ছে, তার অনেক কিছুই দৃশ্যমান হতে চলেছে। বাংলাদেশ পাচ্ছে নতুন রূপ।
বসুন্ধরা গ্রুপ ব্যবস্থাপনা পরিচালকের বাসভবনে আলাপচারিতার সময় বাংলাদেশ প্রতিদিন সম্পাদক ও নিউজ টোয়েন্টিফোর টিভির সিইও নঈম নিজাম, কালের কণ্ঠ সম্পাদক ইমদাদুল হক মিলন, ডেইলি সান সম্পাদক এনামুল হক চৌধুরী, নিউজ টোয়েন্টিফোরের হেড অব নিউজ রাহুল রাহা, বাংলানিউজ টোয়েন্টিফোরের সম্পাদক জুয়েল মাজহার, বসুন্ধরা কিংসের প্রেসিডেন্ট ইমরুল হাসান, বসুন্ধরা গ্রুপের উপদেষ্টা আবু তৈয়ব উপস্থিত ছিলেন।
নাওকি বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বাংলাদেশের চেহারা বদলে যাবে। ২০২৫ সালে নতুন এক বাংলাদেশ পাবে বিশ্ব। সব ধরনের উন্নয়নে দৃষ্টান্ত স্থাপিত হবে।