
মুন্সিগঞ্জ: মুন্সিগঞ্জের গজারিয়ায় ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে ট্রাকচাপায় ইসমাইল হোসেন (৩৫) ও আবুল কালাম মোল্লা (২৬) নামের দুই যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বেলাল (২৫) নামের আরো একজন।
শুক্রবার (২৯ জানুয়ারি) ভোর ৫টায় গজারিয়া উপজেলার জামালদি এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
গজারিয়া হাইওয়ে পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন জানান, হতাহতরা সবাই হোটেল ব্যবসায়ী। ভোরে হোটেলের মালামাল কিনতে ঢাকা যাত্রাবাড়ী যাচ্ছিলেন তারা। আনুমানিক ভোর ৫টার দিকে কুমিল্লা থেকে ঢাকাগামী একটি ট্রাক জামালদী বাসস্ট্যান্ড এলাকায় দাঁড়িয়ে থাকা ওই তিন যাত্রীকে চাপা দেয়। এতে ঘটনাস্থলে দুজনের মৃত্যু হয় এবং আহত হয় অপরজন।
তাৎক্ষণিকভাবে খবর পেয়ে তারা ট্রাকটি আটক করার চেষ্টা করলেও সম্ভব হয়নি। ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত দুজনের লাশ পুলিশি হেফাজতে রয়েছে, আহত অপরজনকে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান তিনি।