
আন্তর্জাতিক ডেস্ক : যুক্তরাষ্ট্রের বিশেষ বাহিনী ও নৌবাহিনীর সেনারা তাইওয়ান সেনাদের অন্তত এক বছর ধরে গোপনে প্রশিক্ষণ দিচ্ছে বলে দাবি করা হয়েছে। বৃহস্পতিবার (৭ অক্টোবর) যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়।
নাম প্রকাশ না করে মার্কিন এক কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্রের বিশেষ একটি অপারেশন ইউনিট ও নৌবাহিনীর একটি দল গোপনে তাইওয়ানে অঞ্চলটির বাহিনীকে প্রশিক্ষণ দেওয়ার কার্যক্রম চালিয়ে আসছে।
ওই প্রতিবেদনে বলা হয়, অন্তত দুই ডজন মার্কিন সৈন্য প্রায় এক বছর ধরে তাইওয়ানের স্থল ও সমুদ্র বাহিনীর সৈন্যদের প্রশিক্ষণ দিচ্ছে।
এদিকে এ বিষয়ে জানতে তাইওয়ান কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করেছিল ওয়াল স্ট্রিট জার্নাল। তবে এতে আশানুরূপ সাড়া পাওয়া যায়নি।
তাইওয়ানকে প্রশিক্ষণ সহায়তার বিষয়টি স্বীকার বা অস্বীকার কোনোটাই করেনি পেন্টাগন। তাদের মুখপাত্র জন সাপল বলেছেন, তাইওয়ানের চাহিদার ওপরই মার্কিন বাহিনীর সামরিক সহায়তা নির্ভর করে।
সম্প্রতি তাইওয়ানের আকাশসীমায় রেকর্ডসংখ্যক চীনা যুদ্ধবিমান মহড়া চালায়।চলতি মাসে চীনের প্রায় ১৫০টি যুদ্ধবিমান তাইওয়ানের আকাশসীমায় অনুপ্রবেশ করেছে বলে অভিযোগ উঠেছে। এতে ওই অঞ্চলে তীব্র উত্তেজনা শুরু হয়েছে। তাইওয়ানকে নিজেদের অংশ বলে দাবি করে চীন।