
বাংলার কাগজ ডেস্ক: ফেনীর দাগনভূঞায় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের বিরুদ্ধে দুই লাখ টাকা আদায়, গ্রেপ্তারের ভয় দেখানো ও শ্লীলতাহানির চেষ্টার অভিযোগ তুলেছেন কার্যক্রম নিষিদ্ধ পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা অমিন সনি।
তার দাবি, মামলা ও ছেলেকে গ্রেপ্তারের ভয় দেখিয়ে ওসি তার কাছ থেকে দুই লাখ টাকা নিয়েছেন। এমনকি থানায় আটকে রেখে আরও টাকা দাবি এবং অনৈতিকভাবে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছে।
এসব অভিযোগ তুলে বুধবার (২৬ নভেম্বর) রাতে সংবাদ সম্মেলন করেন তাসকিরা অমিন সনি। এ সময় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ও সংশ্লিষ্ট সাংবাদিকের বিরুদ্ধে বিচার দাবি করেন তিনি।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সনি বলেন, বিভিন্ন মামলায় গ্রেপ্তার এবং তার ছেলেকে নিষিদ্ধ ছাত্রলীগের পরিচয়ে আটক করার ভয় দেখিয়ে ওসি ফয়জুল আজিম নোমান তার কাছ থেকে দুই লাখ টাকা আদায় করেন। সন্ত্রাসবিরোধী আইনের মামলায় কারাগারে যাওয়ার পর জামিনে মুক্তি পেয়ে পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করেছিলেন তিনি। কিন্তু এরপরও ওসি তাকে বারবার ফোন করে নিজের বাংলোয় যেতে বলতেন এবং বিভিন্নভাবে উত্ত্যক্ত করতেন।
গত ১১ নভেম্বর রাতে বাসা থেকে পুলিশ তাকে থানায় নিয়ে যায় উল্লেখ করে সনি বলেন, ‘পুলিশ আমার বাসায় আসে। পুলিশ সদস্য ঘরে ঢুকে নাম জিজ্ঞেস করে বলে, ওসি আপনাকে যেতে বলেছেন। তখন আমি বললাম, আমাকে কেন ডেকেছেন আর এত রাতে আমি কেন যাব। তখন তারা বলছিল আমাদের নারী পুলিশ সদস্য আছে। তখন আমি বোরকা পরে বের হই।’
তিনি জানান, থানায় নেওয়ার পর প্রথমে তাকে ডিউটি অফিসারের কক্ষে রাখা হয়। পরে ওসি এলে তাকে নিজের কক্ষে নেওয়া হয়। সেখানে ওসি তাকে নিয়ে আসার কারণ জানতে চান এবং আইনজীবীকে ফোন করার কথা বললে সিগারেট নিয়ে আসতে বলেন।
সনির ভাষ্য অনুযায়ী, পরে তার আইনজীবী সিগারেট নিয়ে থানায় আসেন। সনি জানান, থানায় অবস্থানকালে ওসি ফয়জুল আজিম নোমান ফেনী মডেল ও সোনাগাজী থানায় ফোন করে তার বিরুদ্ধে কোনো মামলা আছে কি না, তা জানতে চান। এ সময় সাংবাদিক হাসনাত আবদুল্লাহ তুহিন তাকে তিন থানায় মামলা দিয়ে কারাগারে পাঠানোর ভয় দেখিয়ে কত টাকা দিতে পারবেন, তা জানতে চান বলে অভিযোগ করেন সনি। তার ভাষ্য, সাংবাদিক তুহিন বলেন, ‘তোমাকে তিন থানায় মামলা দিয়ে চালান করে দেবে, তুমি কত টাকা দিতে পারবে বলো।’ জবাবে সনি ৩০ হাজার টাকা দেওয়ার কথা বললে ৫০ হাজার টাকা দাবি করা হয় বলে অভিযোগ করেন তিনি।
সনি আরও বলেন, একপর্যায়ে ওসি তার হাতে মোবাইল ফোন দিয়ে সাবেক স্বামী পারভেজ তাকে গ্রেপ্তার করতে বলেছেন বলে জানান। এতে তিনি কান্নাকাটি শুরু করেন। তখন সাংবাদিক তুহিন তাকে এক লাখ টাকা দিতে বলেন। কিন্তু তিনি টাকা দিতে পারবেন না বলে জানান।
সনির অভিযোগ, ওসি চলে যাওয়ার পর তাকে থানার পাশের একটি কক্ষে রাখা হয়। পরদিন সকালে ওসি ও সাংবাদিক তুহিন আবারও তার কাছে টাকা দাবি করেন। তিনি বলেন, ‘তখন আমাকে বলে, “দেখ তোমার এটা সবাই জেনে গেছে। এখন ৩ লাখ টাকা দিতে হবে।” তারা দুজনই দাবি করেন, এই অর্থ থেকে এসপিকে ১ লাখ টাকা দিতে হবে।’
সনি জানান, টাকা জোগাড় করতে না পারায় তাকে আদালতে পাঠানো হচ্ছিল না। একপর্যায়ে ওসি তাকে চা দিতে বললে তিনি চা খেতে অস্বীকৃতি জানান। তখন ওসি তার হাত ধরার চেষ্টা করেন বলে অভিযোগ করেন তিনি।
এ প্রসঙ্গে সনি বলেন, ‘তখন তিনি আমার হাত ধরার চেষ্টা করেন। আমি তার হাত সরিয়ে নিয়েছি। তখন তিনি বলেন, “আমার জন্য একটুও ভালোবাসা ও মায়া-দয়া নেই?” এরপর তার বড় বোন থানায় গেলে সাংবাদিক তুহিন তার সঙ্গে খারাপ আচরণ করেন বলেও অভিযোগ করেন সনি।
তিনি আরও বলেন, ‘আমার আপু আসার পর আমি বলেছি, আমাকে দ্রুত চালান করতে বলো। এরপর ওসি বলেন, “তোর মায়ায় পড়ে গেছি আমি। এখানে কী আমাদের শেষ দেখা। তুমি কতদিন জেল খাটতে পারবে।” আমি বললাম, আমার ছোট একটা মেয়ে আছে।’
সনির দাবি, একপর্যায়ে তার বোন সাংবাদিক তুহিনের হাতে দুই লাখ টাকা দেন। তখন ওসি বলেন, ‘টাকা কম দিয়েছো, তোমার ছেলেকে দেখে রেখো।’ সাংবাদিক তুহিন তার বোনকেও খারাপ প্রস্তাব দিয়েছিলেন বলে অভিযোগ করেন তিনি। পরে তাকে বাসায় যেতে দেওয়া হয়।
সংবাদ সম্মেলনে সনি আরও দাবি করেন, থানা থেকে বাসায় ফেরার পর ওসি তার ছেলে তাসরিফকে ফোন করে দুই লাখ টাকা নেওয়ার বিষয়টি কাউকে না জানাতে বলেন।
অন্যদিকে সাংবাদিক তুহিন তার বাসায় গিয়ে বোনের কাছে বারবার চাঁদা দাবি করছিলেন বলেও অভিযোগ করেন তিনি। পাশাপাশি ওসি তাকে আবারও নিজের বাংলোয় যাওয়ার জন্য চাপ দিচ্ছিলেন বলে জানান সনি। এসব ঘটনার বিচার দাবি করে তিনি বলেন, অন্যায়ের প্রতিবাদ করতেই প্রকাশ্যে অভিযোগ তুলেছেন।
তবে এসব অভিযোগ অস্বীকার করেছেন প্রত্যাহার হওয়া ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমান। তার দাবি, ওই নারী যুব মহিলা লীগ নেত্রী এবং একজন আসামি। তার সঙ্গে ওসির কোনো পরিচয় ছিল না। পুলিশের সম্মান ক্ষুণ্ন করতেই তিনি অপপ্রচার চালাচ্ছেন।
নোমান আরও দাবি করেন, নিষিদ্ধ সংগঠনের নেত্রী হিসেবে ওই নারী অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করেন এবং নাশকতার প্রস্তুতি নিচ্ছিলেন। তাকে আটক করার পর থেকেই তিনি পুলিশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছেন বলেও মন্তব্য করেন সাবেক এই ওসি।
এর আগে দাগনভূঞা পৌর যুব মহিলা লীগের সভাপতি তাসকিরা তান্নি সনির সঙ্গে ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে।
ওই অডিওতে সনিকে নিজের বাংলোয় ডাকার কথা শোনা যায় ওসির। পাশাপাশি সনিকে আটকের পর দুই লাখ টাকা লেনদেন, জামিনের জন্য অর্থ ব্যয় এবং পুনরায় টাকা দাবি নিয়ে দুজনের কথোপকথন রয়েছে বলে জানা গেছে।
এ ঘটনায় ওসি মুহাম্মদ ফয়জুল আজিম নোমানকে দায়িত্ব থেকে প্রত্যাহার করে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে। ফেনীর অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।