
নালিতাবাড়ী (শেরপুর): মার্সেল ফুটবল টূর্ণামেন্ট-২০২১ এর ফাইনাল খেলা মাতিয়ে গেলেন নব্বইয়ের দশকের সুপারস্টার চিত্র নায়ক আমিন খান ও চিত্র নায়িকা কেয়া। আজ শনিবার (১৬ অক্টোবর) বিকেলে শেরপুরের নালিতাবাড়ী উপজেলার আব্দুল খালেক মিনি স্টেডিয়ামে এ টূর্ণামেন্ট অনুষ্ঠিত হয়।
টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা হেলেনা পারভীনের সভাপতিত্বে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ওয়ালটন গ্রুপের উপ-ব্যবস্থাপনা পরিচালক এমদাদুল হক সরকার। এসময় মার্সেল ব্র্যান্ড এর শুভেচ্ছা দূত চিত্রনায়ক আমিন খান এবং চিত্র নায়িকা কেয়া দর্শকদের উদ্দেশ্যে শুভেচ্ছা বক্তব্য রাখেন।

মার্সেল এর পরিবেশক মেসার্স রুনা ইলেক্ট্রনিকস এর স্বত্বাধিকারী ছামিউল হকের সার্বিক ব্যবস্থাপনা ও উপজেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় অনুষ্ঠিত টূর্ণামেন্ট এর ফাইনাল খেলায় যুব মুসলিম সংঘ ও বৈশাখী একাদশ অংশ নেয়। বৈশাখী বাজার একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয় যুব মুসলিম সংঘ। খেলা পরিচালনা করেন মজিবর রহমান। ফাইনাল খেলা ও প্রিয় নায়ক-নায়িকাকে দেখতে এদিন স্টেডিয়াম কানায় কানায় পরিপূর্ণ ছিল। আশপাশের উপজেলা থেকেও দর্শকের ঢল নামে।
খেলা শেষে চ্যাম্পিয়ন যুব মুসলিম সংঘকে একটি মার্সেল ফ্রিজ ও রানারআপ দলকে একটি মার্সেল এলইডি টেলিভিশন পুরস্কার দেওয়া হয়। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক ফারুক আহমেদ বকুল, ইউপি চেয়ারম্যান খোরশেদ আলম খোকা প্রমুখ উপস্থিত ছিলেন।