
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের নালিতাবাড়ী উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক ও টানা দুইবারের সাবেক ইউপি চেয়ারম্যান এবং বর্তমান উপজেলা বিএনপি’র যুগ্ম-আহবায়ক আশরাফ আলী প্রায় দেড় মাস মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে মারা গেছেন।
রোববার (২৪ অক্টোবর) বেলা সোয়া এগারোটার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে তিনি মারা যান। তবে তার মৃত্যু নিয়ে সবমহলে তৈরি হয়েছে ঘোর রহস্য।
সূত্র জানায়, গত ৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাত দশটার দিকে শহরের কাচারীপাড়াস্থ তার বাসা থেকে কেন্দুয়াপাড়াস্থ নিজ খামারবাড়ির উদ্দেশ্যে রিকশাযোগে বেড়িয়ে যান তিনি। এগারোটার দিকে তার পরিবারের সাথে শেষবারের মতো মোবাইল ফোনে যোগাযোগ হয়। এরপর থেকে তার মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়। কিন্তু তিনি খামারবাড়িতে আছেন ভেবে পরিবারের লোকজন খোঁজ করেননি।
এদিকে পরদিন শুক্রবার ভোরে স্থানীয় লোকজন নালিতাবাড়ী পৌর শহরের সীমানা শেষে রাস্তার পশ্চিমে থাকা আইলাখালী এর পারে ধানক্ষেতে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন আশরাফ আলীকে। খবর পেয়ে স্বজনেরা তাকে উদ্ধার করে প্রথমে নালিতাবাড়ী ও পরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। কিন্তু অবস্থার অবনতি হলে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে প্রায় দেড় মাসের মতো আইসিইউতে চিকিৎসাধীন থাকাবস্থায় রোববার (২৪ অক্টোবর) বেলা সোয়া এগারোটার দিকে তিনি মারা যান।
সূত্র জানায়, আশরাফ আলী অচেতন অবস্থায় পড়ে থাকলেও তার পাশেই মোবাইল ফোন, মানিব্যাগ, চশমাসহ তার ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম পড়ে ছিল। চিকিৎসকের বরাত দিয়ে আরও জানানো হয়, আশরাফ আলীর শরীরে বিষাক্ত ইনজেকশন পুশ করা হয়েছিল। কে বা কারা কি উদ্দেশ্যে এমন ঘটনা ঘটাতে পারে এ নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। তবে এ নিয়ে এখনও পর্যন্ত তার পরিবারের পক্ষ থেকে কোনপ্রকার আইনী ব্যবস্থা নেওয়া হয়নি।
এদিকে আশরাফ আলীর মৃত্যুতে নালিতাবাড়ীর রাজনৈতিক মহলসহ বিভিন্ন মহলের নেতৃবৃন্দ গভীর সমবেদনা প্রকাশ করেছেন।