
নালিতাবাড়ী (শেরপুর) : বহু জল্পনা-কল্পনা আর উদ্বেগ-উৎকণ্ঠা পেরিয়ে অবশেষে আঁধার কেটে আলোর দেখা মিলল। অবসান হলো শ্বাসরুদ্ধকর অবস্থার। গতকাল শনিবার (২৩ অক্টোবর) বিকেল থেকে রাত অবধি ঢাকায় মনোনয়ন বোর্ডের বৈঠক শেষে আজ রোববার বিকেলে নিশ্চিত করা হলো তৃতীয় ধাপে অনুষ্ঠিতব্য নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তদের তালিকা। সেই সৌভাগ্যাবানদের তালিকায় রয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই পুরনোরা।
দলীয় মনোনয়ন প্রাপ্ত তথা নৌকা প্রতীকের সেসব সৌভাগ্যাবান প্রার্থীরা হলেন- ১নং পোড়াগাঁও ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি বন্দনা চাম্বুগং (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), ২নং নন্নী ইউনিয়নে জেলা পরিষদ সদস্য ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন চৌধুরী (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), ৩নং রাজনগর ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা বিপ্লব কুমার বর্মণ (প্রথমবার প্রতীক প্রাপ্ত), ৪নং নয়াবিল ইউনিয়নে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মোঃ নূর ইসলাম (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ বাদশা (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), ৬নং কাকরকান্দি ইউনিয়নে টানা দুইবারের চেয়ারম্যান ও আওয়ামী লীগ সদস্য শহীদ উল্লাহ তালুকদার মুকুল (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), ৭নং নালিতাবাড়ী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আসাদুজ্জামান মাস্টার (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), ৮নং রূপনারায়নকুড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মিজানুর রহমান (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), ৯নং মরিচপুরান ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগের আহবায়ক খন্দকার শফিকুল ইসলাম শফিক (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত), ১০নং যোগানিয়া ইউনিয়নে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল লতিফ (প্রথমবার প্রতীক প্রাপ্ত), ১১নং বাঘবেড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুস সবুর (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত)এবং ১২নং কলসপাড় ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম (দ্বিতীয়বার প্রতীক প্রাপ্ত)।
উল্লেখ্য, ঘোষিত তফসিল অনুযায়ী আগামী ২ নভেম্বর মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ, বাছাইয়ের শেষ তারিখ ৪ নভেম্বর, প্রার্থীতা প্রত্যাহারের শেষ তারিখ ১১ নভেম্বর, প্রতীক বরাদ্দ ১২ নভেম্বর এবং নির্বাচন অনুষ্ঠত হবে ২৮ নভেম্বর। গত ২২ অক্টোবর বৃহস্পতিবার থেকে এ পর্যন্ত ইউপি সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন প্রায় অর্ধেক প্রার্থী। তবে এ পর্যন্ত কোন চেয়ারম্যান প্রার্থী নির্বাচন কমিশনের মনোনয়ন ফরম সংগ্রহ করেননি।