
নালিতাবাড়ী (শেরপুর) : তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে নালিতাবাড়ী উপজেলার ৫নং রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে চেয়ারম্যান পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে চলেছেন সাবেক চেয়ারম্যান আমান উল্লাহ বাদশা। তিনি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও ক্ষমতাসীন দল আওয়ামী লীগের দ্বিতীয়বারের মতো মনোনীত প্রার্থী।
সূত্র জানায়, আসন্ন নির্বাচনকে সামনে রেখে রামচন্দ্রকুড়া-মন্ডলিয়াপাড়া ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতা খোরশেদ আলম খোকা, সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমান উল্লাহ বাদশা, সাবেক চেয়ারম্যান পুত্র ও ইউনিয়ন বিএনপি’র সভাপতি দেলোয়ার হোসেন, যুবলীগ নেতা ও সাবেক চেয়ারম্যান পুত্র হাফিজুল ইসলাম জুয়েল, আওয়ামী লীগ নেত্রী ও সাবেক সংরক্ষিত নারী ইউপি সদস্য পাহাড়ি কন্যা রহিমা বেগম এবং আওয়ামী লীগ কর্মী শাহ পরান চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছিলেন।
এরমধ্যে বিএনপি স্থানীয় সরকার নির্বাচনে অংশ না নেওয়ার ঘোষণায় নির্বাচন থেকে সড়ে দাড়ান দেলোয়ার হোসেন। দলীয় মনোনয়ন না পেয়ে সড়ে দাড়ান হাফিজুল ইসলাম জুয়েল, শাহ পরান ও রহিমা বেগম। তবে মাঠে থাকার প্রস্তুতি নেন বর্তমান চেয়ারম্যান খোরশেদ আলম খোকা।
কিন্তু হাইকমান্ডের নির্দেশনা মানতে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মোশারফ হোসেন চেষ্টা-তদ্বির করে সহোদর বড় ভাই চেয়ারম্যান খোরশেদ আলম খোকাকে নির্বাচন থেকে সড়িয়ে দেন। সমর্থকদের ব্যাপক বাঁধার মুখেও নির্বাচন থেকে সড়ে দাড়ানোর ঘোষণা দেন খোকা।
অন্যদিকে জাসদ সমর্থক রফিকুল ইসলাম মনোনয়ন ফরম সংগ্রহ করে প্রার্থী হতে চাইলেও নানা কৌশলের কাছে পরাস্ত হয়ে তিনিও সড়ে দাড়ান। ফলে চেয়ারম্যান পদে আপাতত আর কোন প্রতিদ্বন্দ্বি দেখা যাচ্ছে না। আগামীকাল ২ নভেম্বর মঙ্গলবার মনোনয়নপত্র দাখিলের শেষ দিন। ধারণা করা হচ্ছে, আমান উল্লাহ বাদশাকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান নির্বাচিত ঘোষণা করা সময়ের ব্যবধান মাত্র।
উল্লেখ্য, গেল নির্বাচনে দলীয় প্রতীক নৌকা নিয়ে নিকটতম প্রতিদ্বন্দ্বি হিসেবে পরাজিত হন আমান উল্লাহ বাদশা। অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মোটরসাইকেল প্রতীক নিয়ে নির্বাচিত হন খোরশেদ আলম খোকা। এ দুই প্রার্থীই একই বংশের এবং পরস্পর চাচাতো-জেঠাতো ভাই। দক্ষ চেয়ারম্যান হিসেবে খ্যাতি রয়েছে আমান উল্লাহ বাদশার। বিনয়ী ও সহজ-সরল চেয়ারম্যান হিসেবে খ্যাতি রয়েছে খোরশেদ আলম খোকার। এবারের নির্বাচনে উভয়ে প্রার্থী হলে এ দুই ভাইয়ের মাঝেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতো বলে জানান ভোটারেরা।