
নালিতাবাড়ী (শেরপুর) : ভোটার-সমর্থকদের নিয়ে পথসভার মধ্যদিয়ে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন নালিতাবাড়ী উপজেলার আলোচিত ১নং পোড়াগাঁও ইউনিয়ন পরিষদের টানা দুইবারের নির্বাচিত চেয়ারম্যান আজাদ মিয়া।
বৃহস্পতিবার (৪ নভেম্বর) বিকেলে তৃতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হিসেবে ঘোষনা দিয়ে মধুটিলা ইকোপার্ক চত্বর (পূর্ব সমেশ্চুড়া) থেকে তিনি প্রচারণায় নামলেন।

জানা গেছে, আন্দারুপাড়া গ্রামের বাসিন্দা ঢাকার কনস্ট্রাকশন ব্যবসায়ী আজাদ মিয়া তার বড় ভাই সাবেক ইউপি সদস্য মরহুম আব্দুস সবুরের অণুপ্রেরণায় পারিবারিক ঐতিহ্য ধরে রাখতে ২০১১ সালে প্রথম নির্বাচনে অংশ নেন। দীর্ঘ সময় ধরে এলাকাবাসীর পাশে নানাভাবে সহযোগিতা করে আসায় ওই সময়ের নতুন মুখ আজাদ মিয়া বিপুল ভোটে প্রথমবারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপর ২০১৬ সালে দলীয় প্রতীকে নির্বাচন শুরু হলে তিনি আওয়ামী লীগে ভিরে দলীয় মনোনয়ন প্রাপ্তির চেষ্টা চালিয়ে দলে নতুন মুখ হওয়ায় ব্যর্থ হন। ফলে দ্বিতীয়বারের মতো স্বতন্ত্র প্রার্থী হয়ে তিনি বড় দুই রাজনৈতিক দল আওয়ামী লীগ ও বিএনপি মনোনীত দুই প্রার্থীকে পরাজিত করে পুনরায় চেয়ারম্যান নির্বাচিত হন।

এরপর থেকে তিনি অপ্রতিদ্বন্দ্বি হয়ে ওঠায় আওয়ামী লীগ তাকে উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক হিসেবে জায়গা দেয়। ফলে গত পাঁচ বছর ধরে তুমুল রাজনৈতিক কোন্দল-গ্রুপিংয়ের মধ্যে ইউনিয়নে নানাভাবে বিভক্ত আওয়ামী লীগ নেতাকর্মীদের অর্থ ও শ্রম দিয়ে আগলে রাখেন এবং রাজনৈতিক নানা প্রতিযোগিতায় নিজেকে শক্ত অবস্থানে নিয়ে প্রতিপক্ষের চক্ষুশূল হন।
শুধু তাই নয়, গোটা উপজেলা আওয়ামী লীগের জন্য তিনি নিবেদিত একজন কর্মী হিসেবে নিজেকে বিলিয়ে দেন। কিন্তু এবার ইউপি নির্বাচনকে সামনে রেখে পুনরায় দলীয় মনোনয়ন দেওয়া হলে সেখানে তিনি ছিটকে পড়েন। এমতাবস্থায় উপর মহলের নির্দেশে নির্বাচন থেকে সড়ে দাড়াতে চাইলেও নেতা-কমী ও সমর্থকদের চাপের মুখে তিনি পরপর তিনটি সভা আহবান করে মতামত নেন। অবশেষে দলের একাংশ নেতাকর্মী ও নিজের তৈরি বিশাল কর্মী বাহিনী নিয়ে তিনি বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে নির্বাচনে অংশ নেওয়া ঘোষণা দেন।

এসময় তিনি আক্ষেপ করে বলেন, আসলে আমার এবং পোড়াগাঁওবাসীর কপালে দলীয় মনোনয়ন লেখা নেই। স্বতন্ত্র প্রার্থীই পোড়াগাঁওবাসীর ভাগ্যে বারবার লেখা থাকে। ফলে দলের জন্য সবকছিু প্রাণপণে উজার করেও দলীয় মনোনয়ন পাইনি। অন্যদিকে যারা বিগত দিনগুলোতে দলে বিশৃঙ্খলা সৃষ্টি করে রেখেছেন, দলের কোন কর্মসূচীতে অংশ নেননি, নেতাকর্মীদের কোনপ্রকার খোঁজ রাখেননি, উপরন্তু প্রতিপক্ষের হয়ে দলের ক্ষতি করে গেছেন তারাই আজ দলের মনোনয়নপ্রাপ্ত।
এসময় তিনি বলেন, অনেকে প্রার্থী হয়েছেন। কিন্তু বিগত সময়ে পোড়াগাঁও ইউনিয়নে মানুষের সেবায় তাদের কোন ভূমিকা নেই।
অন্যদিকে আমি আধুনিক ও ধর্মীয় শিক্ষা প্রতিষ্ঠান ছাড়াও ধর্মীয় উপসনালয়সহ সমাজ বিনির্মাণে বিভিন্ন প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত করেছি। আপনাদের ভোটে দুইবার জনপ্রতিনিধি নির্বাচিত হয়ে ইউনিয়নে বয়স্কভাতা, বিধবাভাতা ও অন্যান্য সরকারী সুবিধা কোনপ্রকার অন্যায় সুবিধা ছাড়াই শতভাগ প্রদান করেছি। আমি আবারও সুযোগ পেলে আপনাদের জন্য নিজেকে উৎসর্গ করব।
এসময় তিনি নিজেকে ভুলের উর্ধে নয় দাবী করে করে তার এবং কর্মীদের দ্বারা অনাকাঙ্খিত কোন কষ্ট পেয়ে থাকলে ক্ষমা প্রার্থনা করে সকলের সহযোগিতা প্রার্থনা করেন।
প্রার্থীতা ঘোষণা সভায় আজগর আলীর সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- ইস্রাফিল আলম, জস্টিনা চিরান, উমর আলী, হাবিবুর রহমান, মোরাদুজ্জামান, গোলাম রব্বানী, জাফর আলী প্রমুখ।