
স্টাফ রিপোর্টার: শেরপুরের নকলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করেছেন আপিল কর্তৃপক্ষ ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার। একই সঙ্গে অপর দুই সাধারণ সদস্যের মনোনয়নপত্রও বৈধ ঘোষণা করা হয়েছে।
সোমবার (৮নভেম্বর) আপিল কর্তৃপক্ষ ও জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান তালুকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এসব মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করা হয়। ফলে ৫নং বানেশ্বর্দী ইউনিয়নে চেয়ারম্যান পদে ৫ প্রার্থীর মনোনয়নপত্রই বহাল থাকল। উপজেলা নির্বাচন ও রিটার্নিং কর্মকর্তা তারেক আজিজ এ তথ্য নিশ্চিত করেছেন
মনোনয়নপত্র বৈধতা পাওয়া বানেশ্বর্দী ইউপির চেয়ারম্যান প্রার্থী দুজন হলেন আহাদুজ্জামান ও মো. সহিদুল ইসলাম। তাঁরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দাখিল করেছিলেন। ঋণ খেলাপী থাকায় আহাদুজ্জামান ও প্রস্তাবকারী উপস্থিত না হওয়ায় গত বৃহস্পতিবার (৪নভেম্বর) মনোনয়নপত্র বাছাইকালে উপজেলা রিটার্নিং কর্মকর্তা তাঁদের মনোনয়নপত্র বাতিল করেছিলেন। মনোনয়নপত্র বৈধ ঘোষণা হওয়া দুই সাধারণ সদস্যরা হলেন বানেশ্বর্দী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বাবুল মিয়া ও পাঠাকাটা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আয়ের উদ্দিন।
নকলা উপজেলায় ৯টি ইউনিয়নে ৪২জন চেয়ারম্যান প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। গনপদ্দী ইউনিয়নের বয়স না হওয়ার কারনে চেয়ারম্যান পদে মো. হাবিব আলী আকন্দ ও মনোয়নপত্র অসম্পন্ন থাকায় পাঠাকাটা ইউনিয়নের খাইরুল আলম আলতাবের মনোনয়পত্র বাতিল হয়। যাচাই বাছাই ও আপীলে পরে ৪০ জন চেয়ারম্যান প্রার্থীর মনোনয়নপত্র বৈধতা পায়। তৃতীয় ধাপে আগামী ২৮ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।