
শেরপুর : দ্বিতীয় দফায় শেরপুর সদর উপজেলার ১৪টি ইউনিয়ন পরিষদের মধ্যে চেয়ারম্যান পদে ১১টিতে অনুষ্ঠিত নির্বাচনে ৫টিতে আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের প্রার্থী এবং ৫টিতে আওয়ামী লীগের বিদ্রোহী ও বিএনপিমনা স্বতন্ত্র প্রার্থীরা জয়ী হয়েছেন।
এছাড়া কামারিয়া ইউনিয়নের একটি কেন্দ্রের ফলাফল গোলযোগের কারণে স্থগিত থাকায় ওই কেন্দ্রের চেয়ারম্যান পদের ফলাফল ঘোষণা করা হয়নি। ১১ নভেম্বর বৃহস্পতিবার রাতে বেসরকারিভাবে ফলাফল ঘোষণা করেন জেলা নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ শানিয়াজ্জামান।
চেয়ারম্যান পদে বিজয়ীরা হলেন- ১ নং কামারেরচর ইউনিয়নে হাবিবুর রহমান হাবিব (বিনা প্রতিদ্বন্দ্বীতায়-নৌকা), ২ নং চরশেরপুর ইউনিয়নে সেলিম রেজা (স্বতন্ত্র বিদ্রোহী), ৩ নং বাজিতখিলা ইউনিয়নে আব্দুল্লাহ আল হাসান খুররম (স্বতন্ত্র), ৪ নং গাজিরখামার ইউনিয়নে আওলাদুল ইসলাম (বিনা প্রতিদ্বন্দ্বীতায়-নৌকা), ৫ নং ধলা ইউনিয়নে জাকির হোসেন জাকির (স্বতন্ত্র), ৬ নং পাকুরিয়া ইউনিয়নে আলহাজ্ব হায়দার আলী (বিনা প্রতিদ্বন্দ্বীতায়-নৌকা), ৭ নং ভাতশালা ইউনিয়নে নাজমুন নাহার (নৌকা), ৮ নং লছমনপুর ইউনিয়নে আব্দুল হাই (নৌকা), ৯ নং চরমোচারিয়া ইউনিয়নে সাব্বির আহাম্মেদ খোকন (স্বতন্ত্র বিদ্রোহী), ১০ নং চরপক্ষীমারী ইউনিয়নে আকবর আলী (নৌকা), ১১ নং বলাইয়েরচর ইউনিয়নে মনিরুল আলম মনি (নৌকা), ১২ নং কামারিয়া ইউনিয়নে একটি কেন্দ্র স্থগিত করায় ফলাফল ঘোষণা করা হয়নি, ১৩ নং রৌহা ইউনিয়নে সাইফুজ্জামান সোহেল (নৌকা) ও ১৪ নং বেতমারী ঘুঘুরাকান্দি ইউনিয়নে মোশারফ হোসেন দুলাল (স্বতন্ত্র)।