
বাংলার কাগজ ডেস্ক : আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত হতে যাচ্ছে নালিতাবাড়ী উপজেলার ১২টি ইউনিয়ন পরিষদ নির্বাচন। ইতিমধ্যেই নন্নী ও রামচন্দ্রকুড়া এ দুটি ইউনিয়নে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের দুই প্রার্থী বিনাপ্রতিদ্বন্দ্বীতায় নির্বাচিত হয়েছেন। ফলে চেয়ারম্যান পদে বাকী ১০টি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হবে। মূল উত্তেজনা আর ভোটারদের বেশি আগ্রহ চেয়ারম্যান পদটি ঘিরেই।
এবার যারা আওয়ামী লীগের মনোনয়ন পেয়েছেন তাদের অধিকাংশই ভোটের মাঠে চরম বিপর্যয়ের মুখে পড়বেন বলে ভোটারদের মুখেমুখে রসাত্মক আলোচনা চলছে। এ পর্যন্ত পাওয়া ভোটারদের মতামত অনুযায়ী ১০টি ইউনিয়নের মধ্যে দুটিতে মোটামুটি নিশ্চিত নৌকা প্রতীকের প্রার্থীদের বিজয়। অন্য দুটিতে ব্যাপক পরিশ্রমসাপেক্ষে বিজয়ের সম্ভাবনা রয়েছে। বাকী ৬টি ইউনিয়নে কোনপ্রকার ‘ইলেকশন ম্যাকানিজম’ না হলে নিশ্চিত করেই বলা যায় নৌকা প্রতীকপ্রাপ্তরা ধরাশায়ী হতে যাচ্ছেন।
সবমিলিয়ে এবার যেসব ইউনিয়নে একে-অপরের প্রতিদ্বন্দ্বী হবেন ভোটারদের আলোচনায় তা অনেকটাই নিশ্চিত হওয়া গেছে। যদিও নির্বাচন ঘনিয়ে আসতে থাকায় প্রতিদিনই চিত্র পাল্টাবে।
ভোটারদের মতামত অনুযায়ী ১ নং পোড়াগাঁও ইউনিয়নে তুমুল প্রতিদ্বন্দ্বীতা করে মুখোমুখি অবস্থানে আসতে যাচ্ছেন- ইউনিয়ন আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক বিদ্রোহী প্রার্থী মাওলানা জামাল উদ্দিন (চশমা) ও বর্তমান চেয়ারম্যান এবং উপজেলা কৃষক লীগের যুগ্ম-আহবায়ক বিদ্রোহী প্রার্থী আজাদ মিয়া (মোটরসাইকেল)।
৩ নং রাজনগর ইউনিয়নে সাবেক চেয়ারম্যান ও সাবেক ছাত্রলীগ নেতা স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান (ঘোড়া) এবং স্বতন্ত্র প্রার্থী সেকান্দর আলী (আনারস) মূল প্রতিদ্বন্দ্বীতা করবেন।
৪ নং নয়াবিল ইউনিয়নে মূল প্রতিন্দন্দ্বীতা করবেন সাবেক ছাত্রনেতা (আ’লীগ) স্বতন্ত্র প্রার্থী লতিফুল ইসলাম বকুল (আনারস) ও সাবেক ছাত্রনেতা (বিএনপি) স্বতন্ত্র প্রার্থী মিজানুর রহমান (মোটরসাইকেল)। যদিও শেষ পর্যন্ত আওয়ামী লীগ মনোনীত প্রার্থী নূর ইসলাম (নৌকা) প্রতিদ্বন্দ্বীতায় থাকবেন এবং লড়াই অনেকটা ত্রিমুখী হবে বলে জানিয়েছেন ভোটাররা।
৬ নং কাকরকান্দি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থীই দুইজন। ফলে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান চেয়ারম্যান শহিদ উল্লাহ তালুকদার মুকুল (নৌকা)’র সাথে তুমুলভাবে প্রতিদ্বন্দ্বীতা করবেন তরুণ স্বতন্ত্র প্রার্থী নিয়ামুল কাউসার (মোটরসাইকেল)। এখানে নিয়ামুলের বলাচলে একচেটিয়া অবস্থান তৈরি হয়েছে বলে জানান ভোটাররা।
৭ নং নালিতাবাড়ী ইউনিয়নে মূল প্রতিদ্বন্দ্বীতা করবেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আসাদুজ্জামান মাস্টার (নৌকা) এবং সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী ফজলুল হক (চশমা)। যদিও স্বতন্ত্র প্রার্থী রেজাউল করিম (মোটরসাইকেল) চ্যালেঞ্জ নিয়ে মাঠে নেমেছেন।
৮ নং রূপনারায়নকুড়া ইউনিয়নে মূল প্রতিদ্বন্দ্বীতা করবেন বর্তমান চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মিজানুর রহমান (নৌকা) এবং স্বতন্ত্র প্রার্থী মুঞ্জুর আল মামুন (ঘোড়া)।
৯ নং মরিচপুরান ইউনিয়নে মূল প্রতিদ্বন্দ্বীতা করবেন সাবেক চেয়ারম্যান স্বতন্ত্র প্রার্থী আইয়ুব আলী সরকার (চশমা), স্বতন্ত্র প্রার্থী অবসরপ্রাপ্ত সেনা সদস্য নজরুল ইসলাম (আনারস) এবং বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষক লীগের আহবায়ক আওয়ামী লীগ মনোনীত প্রার্থী খন্দকার শফিকুল ইসলাম (নৌকা)।
১০ নং যোগানিয়া ইউনিয়নে প্রার্থী দুইজন। ফলে উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুল লতিফ (নৌকা) এবং উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক স্বতন্ত্র প্রার্থী তাকিজুল ইসলাম তারা (ঘোড়া) এ দুই শেয়ানে লড়াই হবে।
১১ নং বাঘবেড় ইউনিয়নে সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম (আনারস) ও সাবেক জেলা পরিষদ সদস্য স্বতন্ত্র প্রার্থী হাফিজুর রহমান খোকন (মোটরসাইকেল) মূল প্রতিদ্বন্দ্বীতা করবেন। তবে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আওয়ামী লীগ মনোনীত প্রার্থী আব্দুস সবুর (নৌকা) শেষ পর্যন্ত প্রতিদ্বন্দ্বীতায় থাকবেন বলে অনেকেই মত প্রকাশ করেছেন।
১২ নং কলসপাড় ইউনিয়নে অনেকটা হ-য-ব-র-ল অবস্থা। এখানে স্বতন্ত্র প্রার্থী ফকর উদ্দিন নয়ন (মোটরসাইকেল), স্বতন্ত্র প্রার্থী আব্দুল মজিদ (আনারস) ও স্বতন্ত্র প্রার্থী শরফুজ্জামান শরাফত (টেলিফোন) অনেকটা কাছাকাছি অবস্থানে প্রতিদ্বন্দ্বীতা করবেন বলে জানিয়েছেন ভোটাররা।