
নালিতাবাড়ী (শেরপুর) : শেরপুরের ভারত সীমান্তবর্তী নালিতাবাড়ী উপজেলার মায়াঘাসি পাহাড়ি ঝোড়ার মুখ এলাকা থেকে একটি বন্যহাতির মরদেহ উদ্ধার হয়েছে। শুক্রবার (১৯ নভেম্বর) ভোরে হাতির মরদেহটি উদ্ধার করা হয়।
এর আগে গত ৯ নভেম্বর শ্রীবরদী উপজেলার মালাকোচা এলাকার সোনাঝুঁড়ি টিলা থেকে আরেকটি বন্যহাতির মরদেহ উদ্ধার করে বন বিভাগ। এ নিয়ে গত ১০ দিনের ব্যবধানে শেরপুর সীমান্তে দুটি বন্যহাতির মরদেহ উদ্ধার করা হলো।
স্থানীয় সূত্র জানায়, বন্যহাতিটি পুরুষ এবং বয়স আনুমানিক দুই বছর হয়েছে। কেবল দাঁত উঠতে শুরু করেছে। গত কয়েকদিন ধরে খাদ্যের সন্ধানে পানিহাতা এলাকায় পাহাড় থেকে বন্যহাতির দল লোকালয়ে নেমে এসে ফসলের ক্ষেতে হানা দিয়ে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার রাতে একদল বন্যহাতি পানিহাতা ফেকামারী ও মায়াঘাসি এলাকায় ধান ক্ষেতে হানা দেয়।
মধুটিলা রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, হাতিটির মুখে ও বিভিন্ন জায়গায় ঘাঁ হয়েছে। ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণে হাতিটির মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্ত সাপেক্ষে প্রকৃত কারণ জানা যাবে।