রফিকুল ইসলাম, যশোর: যশোরের শার্শা উপজেলার বেনাপোলের সীমান্তবর্তী গ্রাম পুটখালী থেকে ১২টি (১.৪০২ কেজি) স্বর্ণের বারসহ দুই পাচারকারী লিটন মিয়া (২৮) এবং শাহজাহান মন্ডল (৩২) কে আটক করেছে ২১ ব্যাটেলিয়ন বর্ডার গার্ড বাংলাদেশ’র পুটখালী বিওপি ক্যাম্প সদস্যরা। বৃহস্পতিবার (১৮ নভেম্বর) দুপুরের দিকে তাদেরকে স্বর্ণসহ (বিজিবি) আটক করা হয়।
২১ ব্যাটেলিয়ন বিজিবি’র অধিনায়ক লেঃ কর্নেল মনজুর ই এলাহী জানান, খুলনা ব্যাটালিয়ন (২১ বিজিবি) এর অধীনস্থ পুটখালী বিওপি’র টহল দল গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে সীমান্ত পিলার নং ১৭/৭ এসএর ১৬৮ আর পিলার হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে পুটখালী মসজিদ বাড়ী বিজিবি চেক পোস্টের সামনে পাকা রাস্তার উপর হতে লিটন মিয়া (২৮), শাহজাহান মন্ডল (৩২)কে ১.৪০২ কেজি ওজনের ১২টি সোনার বার (১২০.১৯৮৯ ভরি) এবং ১টি মোটরসাইকেলসহ (বিজিবি) আটক করা হয়।
স্বর্ণের আনুমানিক বাজার মূল্য-৯০লাখ ৪০ হাজার ৭৭৮ টাকা।আটক আসামীদের ১২টি স্বর্ণের বার এবং মোটরসাইকেলসহ বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।