
নালিতাবাড়ী (শেরপুর) : প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫তম জন্মবার্ষিকী উপলক্ষে শেরপুরের নালিতাবাড়ীতে মেয়রকাপ ফুটবল টূর্ণামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। খেলায় নকলা পৌর একাদশকে পরাজিত করে নালিতাবাড়ী অগ্রদূত সংঘ চ্যাম্পিয়ন হয়েছে।
পৌর ক্রীড়া সংস্থার আয়োজনে শুক্রবার (১৯ নভেম্বর) বিকেলে শহরের সরকারী তারাগঞ্জ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।
ক্রীড়া সংস্থা সূত্রে জানা যায়, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৫ তম জন্মদিন উপলক্ষে ঝিমিয়ে পড়া ক্রীড়াঙ্গণে প্রাণ ফেরাতে যুবসমাজ ও তরুণ প্রজন্মকে খেলার মাঠে ফিরিয়ে আনতে ‘মেয়র কাপ ফুটবল টূর্ণামেন্ট-২০২১’ আয়োজন করে। টূর্ণামেন্টে জেলা ও উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ঐতিহ্যবাহী ক্লাবসহ ২৪টি দল অংশগ্রহণ করে।
নকআউট পদ্ধতিতে গত ১ অক্টোবর থেকে ফুটবল খেলা শুরু হয়ে সব শেষে নালিতাবাড়ী উপজেলার ঐতিহ্যবাহী অগ্রদূত সংঘ ও নকলা পৌর একাদশ ফাইনালে ওঠে। ফাইনাল খেলায় নকলা একাদশ ও অগ্রদূত সংঘের মধ্যে ১-১ গোলে ড্র হয়। পরে ট্রাইব্রেকারে নকলা একাদশকে ৬-৭ গোলে পরাজিত করে অগ্রদূত সংঘ চ্যাম্পিয়ন হয়।
খেলায় প্রিয় অতিথি হিসেবে সাবেক সিনিয়র সচিব ও এসডিএফ এর চেয়ারম্যান আবদুস সামাদ চ্যাম্পিয়ন দলকে ৭৫ হাজার টাকা ও রানার-আপকে ৫০ হাজার টাকার প্রাইজমানি ও ট্রফি তোলে দেন।
এসময় নালিতাবাড়ী পৌরসভার মেয়র আবু বক্কর সিদ্দিক, নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও নালিতাবাড়ী থানার অফিসার ইনচার্জ বছির আহামেদ বাদলসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।