
কলাপাড়া (পটুয়াখালী) : কলাপাড়ায় পুকুরে পড়ে মরিয়ম নামে সাত বছর বয়সী এক কন্যাশিশুর রহস্যজনক মৃত্যু হয়েছে। শনিবার (২০ নভেম্বর) বিকেলে উপজেলার মহিপুর সদর ইউপির শিববাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও মৃতের স্বজনরা জানায়, মরিয়মের মায়ের সাথে তার বাবা আবু জাফরের বিয়ে বিচ্ছেদের পর দাদা বাড়িতেই থাকতো শিশু মরিয়ম। ঘটনার চার দিন আগে সৎ মা শারমিন মরিয়মকে তার বাবার বাড়িতে বেড়াতে নিয়ে যায়। শনিবার দুপুরে সেখানে শিশুটি পুকুরে ডুবে যাওয়ার খবর পাওয়া যায়।
শিশুটির নানা খলিল হাওলাদার এ প্রতিনিধিকে বলেন, মরিয়মকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে পুকুরে ফেলে দেয়া হয়েছে। মৃতদেহের গলা ও শরীরের বিভিন্ন স্থানে রক্ত জমাট বাঁধা আঘাতের চিহ্ন রয়েছে।
মরিয়মের সৎ মা শারমিন বলেন, দুপুরে তার আগের স্বামীর ছেলে জুনায়েদসহ প্রতিবেশি এক কন্যা শিশুর সাথে খেলছিল মরিয়ম। পুকুরে পরে কিভাবে তার মৃত্যু হয়েছে তা তিনি জানেন না।
মরিয়মের বাবা আবু জাফর জানান, আমার মেয়েকে হত্যা করা হয়েছে। তবে স্ত্রী এবং শশুরবাড়ির কারও বিরুদ্ধে কোন অভিযোগ নেই।
কলাপাড়া থানার তদন্ত আসাদুর রহমান বলেন, ঘটনানাটি মহিপুরের। বিকেলে খবর পেয়ে নীলগঞ্জে মৃতের বাবার বাড়িতে এসেছি। মৃত্যুর রহস্য উদঘাটনের চেষ্টা চলছে।