
নালিতাবাড়ী (শেরপুর) : আসন্ন নালিতাবাড়ী উপজেলার ৯নং মরিচপুরান ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ প্রার্থী খন্দকার শফিক ও স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের সমর্থকদের মধ্যে পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটেছে।
শনিবার (২০ নভেম্বর) রাতে মরিচপুরান বাজার ও মরিচপুরান চৌরাস্তা বাজারে পৃথক এ হামলায় ঘটনায় এক রিকশাচালক আহত হয়েছে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার শফিকের সমর্থনে একটি শোভাযাত্রা বের হয়ে মরিচপুরান বাজার অতিক্রম করছিল। এসময় শোভাযাত্রার পেছনে গাড়িতে থাকা কতিপয় যুবক স্বতন্ত্র প্রার্থী নজরুল ইসলামের টাঙানো পোস্টার ছিঁড়ে ফেলে। এতে নজরুলের সমর্থকরা শোভাযাত্রায় অংশ নেওয়া কয়েকটি মোটরসাইকেলসহ কয়েকজন সমর্থককে আটকে রাখে। খবর পেয়ে শোভাযাত্রায় অংশ নেওয়া সমর্থকরা ফিরে এসে নজরুলের সমর্থকদের উপর হামলা করে। পরে নৌকা প্রতীকের প্রার্থী খন্দকার শফিক তার সমর্থকদের ফিরিয়ে নিয়ে চলে আসেন।
এদিকে শফিকের সমর্থকদের আটকে রাখা হয়েছে খবরে তার ছোট ভাই রুবেলসহ কতিপয় সমর্থক পাল্টা হামলার জন্য রিকশাযোগে সাড়ে নয়টার দিকে মরিচপুরান যাচ্ছিল। এসময় তারা চৌরাস্তা বাজারে পৌছলে নজরুলের সমর্থকরা শফিকের ভাই রুবেলসহ কয়েকজনকে আটকে মারধর করে। এতে রিকশা চালক ফরহাদ (১৬) এর মাথা ফেটে যায়। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে আহত রিকশাচালক ফরহাদকে উদ্ধার করে নালিতাবাড়ী হাসপাতালে ভর্তি করে। আহত ফরহাদ ভোগাইরপাড় গ্রামের চাঁন মিয়ার ছেলে।
বিষয়টি নিশ্চিত করে থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, আগে একটি বিচ্ছিন্ন ঘটনা ঘটলেও তা শফিকের চেষ্টায় শান্ত হয়ে যায়। আমাদের পুলিশও ঘটনাস্থল পরিদর্শন করে। কিন্তু পরবর্তী সময়ে নজরুলের সমর্থকরা মারধর করলে রিকশাচালক ফরহাদ আহত হয়। এ ঘটনায় আইনী ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।