
নকলা (শেরপুর) : শেরপুরের নকলা উপজেলায় চলমান ইউনিয়ন পরিষদ নির্বাচনের খবর সংগ্রহকালে নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান লিটন ও তার সহযোগীদের হামলার শিকার হয়েছেন নিউজ টোয়েন্টিফোর টেলিভিশন ও আজকের পত্রিকার শেরপুর প্রতিনিধি জুবাইদুল ইসলাম।
রোববার (২৮ নভেম্বর) দুপুরে উপজেলার গৌড়দ্বার ইউনিয়নের পাইস্কা প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।
এদিকে সাংবাদিক জোবায়দুলের উপর হামলার খবর পেয়ে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা মেয়রের শাস্তির দাবিতে ঘন্টাব্যাপি শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে রাখেন। একপর্যায়ে প্রশাসনের আশ্বাসে অবরোধ তুলে নেন তারা।
ভুক্তভোগি সাংবাদিক জোবায়দুল জানান, তিনি পাইস্কা কেন্দ্রে ভোটের চিত্র সংগ্রহ করে ফিরছিলেন। এ সময় নকলা পৌরসভার মেয়র হাফিজুর রহমান তার পথ আটকে অতর্কিতভাবে হামলা করে এবং তাকে ওই কেন্দ্র ত্যাগ করার জন্য হুমকি দেন। এসময় মেয়রের সহযোগীরা ওই সাংবাদিককে বিভিন্ন জায়গায় মারধর করতে থাকলে হাতে থাকা ক্যামেরার ট্রাইপড ভেঙে যায় ও ক্যামেরা ক্ষতিগ্রস্ত হয়।
এ ঘটনা দ্রুত ছড়িয়ে পড়লে এর প্রতিবাদে জেলায় কর্মরত গণমাধ্যমকর্মীরা শেরপুর-ঢাকা মহাসড়ক অবরোধ করে। পরে প্রশাসন, পুলিশ ও জেলা নির্বাচন কর্মকর্তার আশ্বাসে অবরোধ তুলে নেন গণমাধ্যমর্কীরা।
এদিকে এ ঘটনায় রাতেই শেরপুর প্রেসক্লাবে এক জরুরী সভা আহবান করা হয়।