
রাসেল কবির মুরাদ, কলাপাড়া (পটুয়াখালী) : কুয়াকাটায় রাখাইনদের বিভিন্ন সমস্যা ও সম্পত্তি রক্ষায় নাগরিক কমিটির সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
গত শনিবার (২৭ নভেম্বর) সন্ধ্যায় কুয়াকাটা প্রেসক্লাব মিলনায়তনে সংবাদ সম্মেলনে স্বাগত বক্তব্য রাখেন কুয়াকাটা প্রেসক্লাব সভাপতি নাসির উদ্দিন বিপ্লব।
কুয়াকাটায় রাখাইন জনগোষ্ঠীদের বসতবাড়ি পরিদর্শনের পর নাগরিক প্রতিনিধি দলের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক রোবায়েত ফেরদৌস।
এসময় আরো বক্তব্য রাখেন- মানবাধিকার কর্মী নূর খান লিটন, নাগরিক উদ্যোগের প্রধান নির্বাহী জাকির হোসেন, আদিবাসী ফোরামের তথ্য ও প্রচার সম্পাদক দীপায়ন খীসা, স্থানীয় রাখাইন মংদামোসহ প্রগতিশীল বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
সংবাদ সম্মেলনে অধ্যাপক রোবায়েত ফেরদৌস বলেন, স্বাধীনতার ৫০ বছরেও দেশের আদিবাসীদের ভূমি অধিকার নিশ্চিত করা হয়নি। এরফলে তারা বারবার স্থানান্তরিত হয়েছে। এদের সংখ্যা দিনে দিনে কমে এখন তলানিতে গিয়ে ঠেকেছে। অদূর ভবিষ্যতে তাদের নিয়ে গল্প লেখা ছাড়া আর অবশিষ্ট কিছুই থাকবে না।
এসময় তিনি আরও বলেন, কুয়াকাটার আশেপাশে রাখাইন পল্লীগুলো রাখাইনদের নামের পরিবর্তে এখন অন্য নামে পরিচিত। তাই অবিলম্বে এসব রাখাইন পল্লীর নাম আগের নামে ফিরিয়ে আনার দাবি করেন তিনি।