
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতী (শেরপুর) : শেরপুরের শ্রীরবদী উপজেলার গড়জরিপা আজিজিয়া দাখিল মাদরাসায় জালিয়াতির মাধ্যমে আয়া পদে নিয়োগ দেওয়ার অভিযোগ উঠেছে মাদরাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে।
অন্যদিকে নিয়োগপ্রাপ্ত আয়া আছমা খাতুনের বেতন স্থগিতের জন্য উপজেলা শিক্ষা অফিস নির্দেশনা দিলেও তা মানছেন না সুপার আব্দুল কাদির।
জানা যায়, গেল বছরের ৩১ জুলাই গড়জরিপা আজিজিয়া দাখিল মাদরাসায় আয়া পদে নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। ওই পরীক্ষায় আছমাসহ মোট ৭ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। কিন্তু নিয়োগ পরীক্ষার নিয়ম-নীতি উপেক্ষা করে জালিয়াতির মাধ্যমের মোটা অংকের টাকার বিনিময়ে আছমা খাতুনকে নিয়োগ দেয় মাদরাসা সুপার আব্দুল কাদির ও গভর্নিং বডির সভাপতি আবুল কালাম আজাদ।
এ বিষয়কে কেন্দ্র করে পরীক্ষা অংশগ্রহণকারী ও অধিক যোগ্যতাসম্পন্ন প্রার্থী আরজিনা বেগম উপজেলা শিক্ষা অফিসসহ বিভিন্ন দপ্তরে অভিযোগ দাখিল ও আদালতে মামলা দায়ের করে। ফলশ্রুতিতে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার চলতি বছরের ২৩ জুন স্বাক্ষরিত পত্রে আদালতে মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নিয়োগকৃত আছমা খাতুনের বিল-বেতন বন্ধ রাখার নির্দেশ দেন। কিন্তু উপজেলা শিক্ষা অফিসারের লিখিত নির্দেশ পাওয়া সত্বেও তা আমলে নিচ্ছেন না সুপার আব্দুল কাদির।
সরেজমিনে তদন্তে করে মামলার নথি ও বিভিন্ন অফিসে দায়ের করা অভিযোগ সূত্রে জানা যায়, নিয়োগকৃত আছমা খাতুনের শেরপুর ও গড়জরিপা ঠিকানায় ২টি জাতীয় পরিচয়পত্র রয়েছে। দুটিরই জন্ম তারিখ ১/১/১৯৮৮ইং। গড়জরিপার জাতীয় পরিচয়পত্রে শিক্ষাগত যোগ্যতা দেয়া আছে ৫ম শ্রেণি পাশ। অথচ তাকে নিয়োগ দেয়া হয়েছে ৮ম শ্রেণি পাশের সনদ নিয়ে।
এছাড়াও ১৯৯২ সালের ২০ মার্চ আছমার কাবিন নামায় বয়স দেওয়া রয়েছে ১৮ বছর। অপরদিকে আছমার ছেলে আনিছুর রহমানের এসএসসি’র সনদনুযায়ী জন্ম তারিখ দেয়া রয়ছে ১৯৯৭ সালেল ১ মার্চ। এখানে প্রশ্ন জাগে, নিয়োগকৃত আছমা খাতুনের বিয়ের বয়স, চাকুরিতে উল্লেখিত বয়স এবং তারই গর্ভে ধারণ করা সন্তানের বয়স নিয়ে। ফলে বিভাগীয় তদন্ত হলে থলের বিড়াল বেড়িয়ে আসবে বলে মনে করেন এলাকাবাসী।
নিয়োগ বঞ্চিত আরজিনা বেগম বলেন, আমি শেরপুর মহিলা কলেজ থেকে এইচএসসি পাশ করেছি। কর্মসংস্থানের অভাবে আয়া পদে অংশ নিয়ে ছিলাম। সুপার ও সভাপতিকে কিছু খরচও দিতে চেয়েছিলাম। তাদের চাহিদা মতো ২০ লাখ টাকা দিতে পারিনি বলে তারা আমাকে নিয়োগ না দিয়ে জামায়াত নেতা কামারুজ্জানের কাজের মেয়ে আছমাকে নিয়োগ দিয়েছে।
মাদরাসা সুপার আব্দুল কাদির বলেন, বিধিমোতাবেক আছমাকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের সময় তার কাবিন নামার বয়স ও ছেলের বয়স দেখার কোন নিয়ম নেই। এছাড়া কমিটির চাপে আমি আছমার বেতন ছাড় দিলেও আদালতের নিষ্পত্তি না আসা পর্যন্ত তার বিল আর ছাড় দিব না।
উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার রুহুল আমিন তালুকদার বলেন, আদালতে মামলা থাকার কারণে আছমা খাতুনের বিল বন্ধের নির্দেশ সুপারকে দেয়া সত্বেও তিনি কিভাবে বিল দিচ্ছেন তা আমার অজানা।