
শ্রীবরদী (শেরপুর) : শেরপুরের শ্রীবরদীতে এক গৃহবধূকে (২০) গণধর্ষণের জড়িত থাকার অভিযোগে তিনজনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- উপজেলার লঙ্গরপাড়া গ্রামের বাবুল মিয়ার ছেলে কামরুজ্জামান (২৩), দুদু মিয়ার ছেলে শফিকুল ইসলাম (২৭) ও জামালপুরের দেউরপাড়া গ্রামের আব্দুল শেখের ছেলে আয়নাল হক (৫০)। আয়নাল হক উপজেলার লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের নৈশ প্রহরী।
গত সোমবার (২৯ নভেম্বর) রাতে উপজেলার লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ের চারতলা ভবনে ধর্ষণের এ ঘটনা ঘটে।
পুলিশ জানায়, কয়েক দিন আগে ওই গৃহবধূ উপজেলার উত্তর খড়িয়া গ্রামের বাবার বাড়িতে বেড়াতে আসেন। কিছুদিন আগে অভিযুক্ত কামরুজ্জামান ভুক্তভোগী গৃহবধূর কাছ থেকে এক হাজার টাকা ধার নেয়। গত সোমবার দুপুরে গৃহবধূ কামরুজ্জামানের কাছে তার পাওনা টাকা চান। পরে সন্ধ্যায় টাকা দেওয়ার কথা বলে কামরুজ্জামান ও তার সহযোগী শফিকুল ইসলাম গৃহবধূকে লঙ্গরপাড়া উচ্চ বিদ্যালয়ে ডেকে নিয়ে যায়। সেখানে গেলে নৈশ প্রহরী আয়নাল হক বিদ্যালয়ের প্রধান ফটক খুলে দেয় এবং ওই দুই যুবকের পরামর্শ অনুযায়ী গৃহবধূকে বিদ্যালয়ের চারতলা ভবনের একটি কক্ষে নিয়ে আটকে রাখে। পরে রাত দশটার দিকে কামরুজ্জামান, শফিকুল ও নৈশ প্রহরী আয়নাল জোরপূর্বক ওই গৃহবধূকে পালাক্রমে ধর্ষণ করে। একপর্যায়ে ধর্ষণ শেয়ে গৃহবধূকে বিদ্যালয় থেকে বের করে দেয় এবং এ ঘটনা কাউকে না বলার জন্য হুমকি দেয়। পরে ভুক্তভোগী গৃহবধূ বাবার বাড়ি এসে অভিভাবকদের কাছে ঘটনা খোলে বলে।
শ্রীবরদী থানার পরিদর্শক (তদন্ত) ও মামলার তদন্ত কর্মকর্তা আবুল হাশিম জানান, এ ঘটনায় ভুক্তভোগী নিজেই বাদী হয়ে তিন জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও এক-দুইজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা দায়ের করেছে। প্রাথমিক তদন্তে ঘটনার সত্যতা পাওয়া গেছে। ডাক্তারী পরীক্ষার জন্য ভুক্তভোগীকে জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং অভিযুক্ত তিনজনকে গ্রেফতার করা হয়েছে।