
মোহাম্মদ দুদু মল্লিক, ঝিনাইগাতি (শেরপুর) : শেরপুরের ঝিনাইগাতী উপজেলায় ৫ম ধাপে আগামী ৫ জানুয়ারি অনুষ্ঠিতব্য ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে ক্ষমতাসীন দল আওয়ামী লীগের মনোনয়ন পেতে বিতরণকৃত দলীয় আবেদন ফরম বিক্রি হয়েছে প্রতিটি এগারো হাজার টাকায়। এ নিয়ে দলীয় মনোনয়ন প্রত্যাশি অনেকেই অসন্তোষ প্রকাশ করেছেন।
জানা গেছে, ইউপি নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান পদে আ’লীগের দলীয় মনোনয়ন প্রাপ্তির জন্য প্রাথমিক পর্যায়ে যাচাই-বাছাইয়ের লক্ষ্যে দলের আবেদন ফরম বিক্রি করে ঝিনাইগাতি উপজেলা আওয়ামী লীগ। এ আবেদন ফরমের জন্য প্রথমদিকে এক হাজার করে টাকা নেওয়ার কথা থাকলেও পরবর্তীতে তা বাড়িয়ে করা হয় এগারো হাজার টাকা। এক হাজার থেকে একলাফে শুধুমাত্র দলীয় আবেদন ফরম এর মূল্য এগারো হাজার টাকা ধার্য করায় অনেকেই বিপাকে পড়েন ফরম কিনতে এসে।
সূত্রমতে, উপজেলার মোট ৭ ইউনিয়নে চেয়ারম্যান পদে এবার আওয়ামী লীগের দলীয় ফরম সংগ্রহ করে দলের মনোনয়ন প্রাত্যাশি হয়েছেন মোট ৪১ জন। এরা প্রত্যেকেই এগারো হাজার করে টাকা দিয়ে আবেদন ফরম সংগ্রহ করেছেন। ফলে শুধুমাত্র আবেদন ফরম বিক্রি করেই দলের আয় হয়েছে সর্বমোট ৪ লাখ ৫১ হাজার টাকা।
উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হাতীবান্দা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী ইসমাইল হোসেন বলেন, প্রথমে সিদ্ধান্ত ছিল আবেদন ফরমের মূল্য নেওয়া হবে এক হাজার টাকা। কিন্তু পরবর্তীতে আবেদন ফরমের মূল্য এগারো হাজার টাকা নির্ধারণ করা হয়। তাই আমি স্থানীয়ভাবে দলীয় ফরম ক্রয় না করে কেন্দ্রীয় কার্যালয় থেকে ৫ হাজার টাকা দিয়ে ক্রয় করে কেন্দ্রে দিয়ে জমা দিয়ে এসেছি। আরেক প্রার্থী রকিবুল হাসান রুকন বলেন, ফরমের মূল্য এগারো হাজার টাকা নেওয়ায় আমার কষ্ট হয়েছে।
এ বিষয়ে উপজেলা আওয়ামী লীগ এর সভাপতি ও উপজেলা পরিষদ য়োরম্যান এসএম আব্দুল্লাহেল ওয়ারেজ নাইম বলেন, আওয়ামী লীগের মোট প্রার্থী ৪১ জন। প্রতিজন প্রার্থীর নিকট থেকে দলীয় ফরম বাবদ এগারো হাজার করে টাকা নেওয়া হয়েছে।