
স্টাফ রিপোর্টার: ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলায় সামাজিক প্রতিষ্ঠান ‘ওমর ফাউন্ডেশন’ এর উদ্যোগে ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। গত মঙ্গলবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত পৌর শহরের ডি.এস আলিম মাদরাসা প্রাঙ্গণে প্রতি বছরের মতো এবারো ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়।
এদিন প্রায় ৫ হাজার চক্ষু রোগীকে প্রাথমিক চক্ষু সেবা ও ছানি পড়া ৬৫০ জন রোগীকে ময়মনসিংহ বি.এন.এস.বি চক্ষু হাসপাতালে চোখের ছানি অপারেশন, ওষুধ ও থাকা-খাওয়ার যাবতীয় খরচ বহন করবে সামাজিক সংগঠন ‘ওমর ফাউন্ডেশন’।
এ উপলক্ষে সংক্ষিপ্ত আলোচনা সভায় বিএনপি নেতা আনোয়ার হোসেন মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির ব্যবস্থাপনা পরিচালক ও উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আলহাজ্ব মো. সালমান ওমর রুবেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- ডি.এস আলিম মাদরাসার সভাপতি আব্দুল মান্নান, অধ্যক্ষ আব্দুল হাই, পৌর সভার প্যানেল মেয়র মনিরুজ্জামান স্বাধীন, উপজেলা ব্যবসায়ী উন্নয়ন সমিতির সভাপতি নাদিম আহম্মেদ, উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক হানিফ মোহাম্মদ সাকের উল্লাহ্, আনম সাদেকুর রহমান নঈম প্ররুখ।
এ সময় এ কাজের উদ্যোক্তা ও ওমর ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক সালমান ওমর রুবেল বলেন, প্রতিবছরের মতো এবারও ফ্রি চক্ষু ক্যাম্পের আয়োজন করেছি। এটি আমাদের পারিবারিক প্রতিষ্ঠান। এখন পর্যন্ত আমরা ৪ হাজার মানুষকে বিনামূল্যে চোখের ছানি অপারেশন করিয়েছি ও ৫ হাজার মানুষকে বিনামূল্যে চশমা দিয়েছি। শুধুমাত্র গত বছর করোনা মহামারির কারণে আমরা চক্ষু ক্যাম্প করতে পারিনি। আমরা আশাকরছি, এখন থেকে প্রতিবছর আমরা এই চক্ষু ক্যাম্প চালিয়ে যেতে পারব।