
নালিতাবাড়ী (শেরপুর) : গেল ২৮ নভেম্বর তৃতীয় ধাপে অনুষ্ঠিত নালিতাবাড়ী উপজেলার ৬নং কাকরকান্দি ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে দুইপক্ষের দ্বন্দ্বে ওয়ার্ড আ’লীগের সভাপতিকে লাঞ্ছিতের ঘটনায় পাল্টাপাল্টি অভিযোগ প্রশাসনের মধ্যস্থতায় নিরসন হয়েছে।
এদিকে একই ঘটনায় ইউনিয়ন যুবলীগের সভাপতিকে জড়িয়ে অপপ্রচার দেওয়ায় তা মিথ্যাচার মন্তব্য করে নিন্দা জানিয়েছেন নেতৃবৃন্দ।
জানা গেছে, নির্বাচন চলাকালীন আ’লীগ মনোনীত প্রার্থীর দেওয়া নিত্যদিনের নির্বাচনী ব্যয়ের টাকা আত্মসাত করা হয়েছে মর্মে ৮নং ওয়ার্ড আ’লীগের সভাপতি দর্পণ রাকসামকে নিয়ে গত ৩০ নভেম্বর সন্ধ্যায় কাকরকান্দি বাজারে জনসম্মুখে মন্তব্য করেন একই ওয়ার্ডের ইউপি সদস্য আবুল কালাম আজাদ এর ছোট ভাই কামরুল ইসলাম। দুই দফায় এ নিয়ে বিতর্কের একপর্যায়ে দর্পণ রাকসামকে কামরুল লাঞ্ছিত করে বলেও অভিযোগ ওঠে।
বিষয়টি ইউনিয়নের অন্যান্য নেতৃবৃন্দসহ ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফকে অবহিত করা হলে আবু হানিফ বিষয়টি নিয়ে কাকরকান্দি বাজারে প্রতিবাদ মিছিল বের করেন। একপর্যায়ে দর্পণ ও হানিফসহ অন্যরা রাতেই বিষয়টি নিষ্পত্তি করতে ইউপি সদস্য আবুল কালাম আজাদ এর বাড়িতে গিয়ে তার শরণাপন্ন হন। কিন্তু বাড়ি গিয়ে বিষয়টি নিস্পত্তির জন্য মেম্বারকে ডাকাডাকি করলে পুণরায় বাক-বিতন্ডা বাঁধে ও বিষয়টি অমিমাংসিত রয়ে যায়। ফলে দর্পণ রাকসামকে লাঞ্ছিত ও কামরুলের বাড়িতে হামলার পাল্টাপাল্টি অভিযোগ আনা হয় নালিতাবাড়ী থানায়।
এদিকে উদ্ভুত ঘটনাকে কেন্দ্র করে ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফকে জড়িয়ে একটি মহল অপপ্রচার চালায় এবং তা সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেয়। হানিফকে নিয়ে রাজনৈতিক এ অপপ্রচারকে উদ্দেশ্যপ্রণোদিত এবং মিথ্যাচার বলে জানিয়েছেন নেতৃবৃন্দ।
কাকরকান্দি ইউনিয়ন যুবলীগের সভাপতি আবু হানিফ জানান, নির্বাচনী টাকার জেরে কামরুল ওয়ার্ড আ’লীগের সভাপতি দর্পণ রাকসামকে লাঞ্ছিত করে। এর ফলে বিষয়টি নিয়ে কাকরকান্দি বাজারে আওয়ামী লীগ ও যুবলীগের নেতৃবৃন্দ বাজারে প্রতিবাদ মিছিল বের করে। পরে আমরা বিষয়টি সুরাহা করতে কামরুলের বড় ভাই মেম্বার আবুল কালামের বাড়িতে যাই। সেখানে বাক-বিতন্ডা হয়েছে, কিন্তু ভাংচুরের কোন ঘটনা ঘটেনি। অথচ একটি পক্ষ ভাংচুর করা হয়েছে বলে মিথ্যা প্রচার দেয় এবং আমাকে জড়িয়ে মিথ্যা রাজনৈতিক অপপ্রচার চালানো হয়। আমি ছোটবেলা থেকেই ছাত্রলীগ এবং পরে যুবলীগের রাজনীতিতে সম্পৃক্ত। আমার বাবাও ১৯৯৬ সাল থেকে আওয়ামী লীগের রাজনীতি করে আসছেন এবং গেল সংসদ নির্বাচনগুলোতে নৌকা মার্কার এজেন্ট হিসেবে ভোটকেন্দ্রে কাজ করেছেন। ১৯৯৬ পরবর্থী সময়ে আমার বাবা ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
তিনি আরও বলেন, আমরা সোহাগপুর শহীদ পরিবারের সদস্য। আমার বেশ কয়েকজন নিকটাত্মীয় সোহাগপুরের গণহত্যার শিকার। কাজেই আমার প্রতিপক্ষ পূর্ব থেকে চলে আসা প্রতিহিংসা চরিতার্থ করতে আমাকে স্বাধীনতাবিরোধী শক্তি ও বিএনপি ঘরানার বানানোর অপচেষ্টার অংশ হিসেবে এ মিথ্যাচার করেছে। আমি এসবের প্রতিবাদ জানাই।
এ বিষয়ে উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও বর্তমানে উপজেলা আওয়ামী লীগের উপ-প্রচার সম্পাদক তাকিজুল ইসলাম তারা জানান, আমরা যখন ছাত্রলীগের নেতৃত্বে ছিলাম হানিফ তখন ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রার্থী হয়েছিল। ওই সময় সে সাধারণ সম্পাদক হতে না পারলেও পুরো সময় ছাত্রলীগের রাজনীতিতে সম্পৃক্ত ছিল এবং আমাদের সকল কর্মসূচীতে সে অংশ নিত। কাজেই তাকে ঘিরে বিএনপি’র রাজনীতিতে জড়িত থাকার বিষয়টি একেবারে মিথ্যা।
উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও বর্তমান উপজেলা যুবলীগের আহবায়ক জাহাঙ্গীর আলম জানান, হানিফ শুরু থেকেই ছাত্রলীগের রাজনীতিতে আমাদের সাথে সরাসরি সম্পৃক্ত ছিল। তাকে বিএনপি বানানোর যে অপচেষ্টা করা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা। প্রতিপক্ষের লোকজন রাজনৈতিকভাবে হানিফকে হয়রাণী করতে এসব অপপ্রচার চালাচ্ছে। আমরা এসবের নিন্দা জানাই।
এ বিষয় থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা বছির আহমেদ বাদল জানান, নির্বাচনী বিষয়কে কেন্দ্র করে নিজেদের মধ্যে ভুল বুঝাবুঝি ও বাকবিতন্ডা হয়েছে। ভাংচুরের কোন ঘটনাই সেদিন ঘটেনি। গত বুধবার রাতে থানায় বসিয়ে উভয়পক্ষের মাঝে ভুল বুঝাবুঝি নিরসন করে দেওয়া হয়েছে।