
নালিতাবাড়ী (শেরপুর) : দুর্নীতি যেন না হয় সে জন্য প্রতিটি ওয়ার্ডে কমিটি গঠন করে জনগণের সম্মুখে ইউনিয়নের নাগরিকদের সব প্রাপ্য সঠিকভাবে বুঝিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন নালিতাবাড়ীর পোড়াগাঁও ইউনিয়নে নবনির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব মাওলানা জামাল উদ্দিন।
অনুরূপভাবে তিনি নিজে বা তার কোন কর্মী অন্যায় করলেও তার বিচারও জনসম্মুখেই হবে বলেও আশ্বস্ত করেন তিনি। নিজের কোন ভুল হলে তা জনসম্মুখে সমালোচনার আহবান জানিয়ে তা শোধরানোর প্রতিশ্রুতিও দেন উপজেলা সবচেয়ে অধিক ভোটে নির্বাচিত এ চেয়ারম্যান।
শুক্রবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় বারমারী বাজারে ইউনিয়ন ইমাম কল্যাণ সমিতির আয়োজনে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
জামাল উদ্দিন বলেন, আমি হযরত ওমরের মতো ইউনিয়ন পরিচালনা করতে চাই। আমার কোন কর্মী যেন পরিষদের বা জনগণের কোন সেবা ঠিকাদারী নিতে না পারে সে জন্য আমি কঠোর থাকব।
তিনি বলেন, যারা আমাকে ভোট দিয়েছেন আর যারা দেননি এখন থেকে সবাই আমার ভোটার। আমি সবাইকে নিয়ে মিলেমিশে কাজ করতে চাই। ইউনিয়নের উন্নয়ন করতে গেলে সবাইকে সহযোগিতা করতে হবে। নির্বাচনে যেভাবে সহযোগিতা করেছেন সেভাবে সামনের দিনেও সহযোগিতা চাই।
বারমারী বাজারের ব্যবসায়ী আব্দুস সাত্তারের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন- মীর কাশেম, দরবেশ আলী, জমশেদ আলী প্রমুখ।