
শেরপুর প্রতিনিধি : শেরপুরের শ্রীবরদী সীমান্ত সড়কের বালিজুড়ি অফিসপাড়া এলাকায় ট্রাক চাপায় আলম (৩০) নামে এক মোটরসাইকেল চালক নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে মোটরসাইকেলে থাকা জিয়া (২৮) নামে আরও এক আরোহী।
রোববার (৫ ডিসেম্বর) বিকেলে এ দুর্ঘটনা ঘটে। তারা ঝিনাইগাতী উপজেলার তিনানী এলাকার সামাদ হাজী রাইস মিলে কর্মরত শ্রমিক।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, রোববার বিকেলে শ্রীবরদী উপজেলার সীমান্ত সড়কের বালিজুরি অফিসপাড়া এলাকার ব্রীজের উপরে একটি ট্রাক পিছন থেকে চলন্ত মোটরসাইকেলকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই নিহত হয় মোটরসাইকেল চালক আলম মিয়া। তার বাড়ি কুড়িগ্রাম জেলায়। পরে স্থানীয় লোকজন গুরুতর আহত জিয়াকে উদ্ধার করে ঝিনাইগাতী হাসপাতালে নিয়ে যান। আহত জিয়ার বাড়ি দিনাজপুর জেলায় বলে প্রাথমিকভাবে জানা গেছে। স্থানীয়রা ঘাতক ট্রাকটিকে আটক করলেও পালিয়ে গেছে চালক ও সহকারী। পুলিশ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেছে।