
পাবনা: পাবনা সদর উপজেলার ভাড়ারায় আসন্ন ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের প্রচারণাকে কেন্দ্র করে নৌকা ও স্বতন্ত্র প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইয়াসিন আলম নামে এক চেয়ারম্যান প্রার্থী নিহত হয়েছেন। এসময় অন্তত ১০ জন আহত হয়েছেন।
শনিবার (১১ ডিসেম্বর) সকাল ৯টার দিকে এ সংঘর্ষের ঘটনা ঘটে। পাবনার অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।
ইয়াসিন আলম আনারস প্রতীকের স্বতন্ত্র চেযারম্যান প্রার্থী ছিলেন। তাকে মুমূর্ষু অবস্থায় পাবনা থেকে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে মারা যান। গুলিবিদ্ধসহ আহতদের পাবনা জেনারেলে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অতিরিক্ত পুলিশ সুপার মাসুদ আলম জানান, ভাঁড়ারা ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রচারণা নিয়ে আজ সকালে স্বতন্ত্র প্রার্থী সুলতান মাহামুদ খানের সমর্থক ও নৌকা প্রতীকের আবু সাঈদ খানের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও গুলিবর্ষণের ঘটনা ঘটে। এতে স্বতন্ত্র প্রার্থী ইয়াসিন আলমসহ উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। তাদের পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। তার মধ্যে দুইজনকে আশঙ্কাজনক অবস্থায় রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করেন চিকিৎসক। রাজশাহী যাবার পথে নাটোরের বনপাড়া এলাকায় পৌঁছালে ইয়াসিন আলম মারা যান।