
আন্তর্জাতিক ডেস্ক : নারীদের আত্মরক্ষার্থে বাঘিনী তৈরি করতে এগিয়ে এলো পশ্চিমবঙ্গ পুলিশ। এবার থেকে রাস্তায় ইভটিজিং হলে প্রতিবাদে গর্জে উঠবে সেই বাঘিনী। শিলিগুড়ি পুলিশের উদ্যোগে ‘বাঘিনী’ নামে এক পরিকল্পনার মাধ্যমে ১০০ নারীকে আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে। শুধু আত্মরক্ষার প্রশিক্ষণই নয়, থানা এবং ট্রাফিক আইন নিয়ে সচেতন করা হবে এসব নারীদের।
শহরে হোক বা গ্রামে, ইভটিজিংয়ের নানা ঘটনা প্রায়ই শোনা যায়। এছাড়া রয়েছে নারীদের ওপর নানা ধরনের নির্যাতন। তবে এবার এই ধরনের ইভটিজার ও নির্যাতনকারীদের শায়েস্তা করতে নারীদের প্রশিক্ষণ দিচ্ছে পশ্চিমবঙ্গ পুলিশ। শিলিগুড়ি পুলিশ কমিশনারেটের উদ্যোগে বাঘিনী পরিকল্পনার মাধমে নারীদের আত্মরক্ষার প্রশিক্ষণ দিচ্ছে পুলিশ।
শনিবার (১১ ডিসেম্বর) থেকে শুরু হয়েছে চারদিনের এই প্রশিক্ষণ শিবির। প্রাথমিকভাবে ১০০ নারীকে প্রশিক্ষণ দেওয়া হবে। আগামীতেও ইচ্ছুক নারী এমন প্রশিক্ষণ দেওয়া হবে। বিভিন্ন স্কুল, কলেজ ও সংগঠনকে চিঠি দেওয়া হয়েছে। সেখান থেকে নির্বাচিত নারীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে পুলিশের পক্ষ থেকে।

আজ (শনিবার) প্রদীপ প্রজ্জ্বলন করে এই প্রশিক্ষণ শিবিরের উদ্বোধন করেন অর্জুন পুরস্কারপ্রাপ্ত টেবিল টেনিস খেলোয়াড় মান্তু ঘোষ। এসময় পুলিশ কমিশনার গৌরব শর্মা সহ পুলিশের ঊধ্র্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
শিলিগুড়ির মাল্লাগুড়িতে পুলিশ কমিশনারেট মাঠে প্রথম পর্যায়ের প্রশিক্ষণ কার্যক্রম শুরু হয়েছে। এখানে নারীদের আত্মরক্ষার কৌশল, আইন সম্পর্কে অবগত করা ও যোগ ব্যায়াম শেখানো হবে। এছাড়াও বিভিন্ন থানায় ও ট্রাফিক গার্ডে যে কাজ হয় তা সরজমিনে ঘুরিয়ে দেখানো হবে। পাশাপাশি ট্রাফিক আইন এবং সিআরপিসি আইপিসি নিয়ম বিষয়ে নারীদের সচেতন করা হবে। যে কোনো অভিযোগ থানায় জানাতে হলে কী ধরনের অভিযোগ দায়ের করতে হয় তা নিয়ে সচেতন করা হবে।
এ বিষয়ে পুলিশ কমিশনার গৌরব শর্মা জানান, শহরে কিংবা বাইরে গেলে যেন নারীদের অসুবিধা না হয় সেজন্য এমন উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া রাস্তায় বের হলে কোনো ঘটনা ঘটলে যাতে আত্মরক্ষায় কী করা উচিত তা অনেকেই জানেন না। সেকারণে তাদের আত্মরক্ষার প্রশিক্ষণ দেওয়া হচ্ছে। এছাড়াও থানায় অভিযোগ জানাতে কী করতে হয়, কী করণীয়- সেসব সম্পর্কে ধারণা যাতে থাকে সেই চেষ্টা করা হচ্ছে। পাশাপাশি নারী জেলাশাসক ও বিমান বাহিনীর নারী কর্মকর্তারাও একটি সেমিনার করবেন।
এ বিষয়ে প্রশিক্ষণ নিতে আসা কলেজ পড়ুয়ারা জানান,পুলিশের এমন উদ্যোগ খুবই প্রশংসনীয়। রাস্তায় বের হলে অনেক সময় সমস্যায় পড়তে হয়। ফলে আত্মরক্ষার কৌশল জানা থাকলে অনেক সুবিধা হবে আমাদের।