
হালুয়াঘাট (ময়মনসিংহ) : রিকশা চালিয়ে সংসার চালাতেন। অভাবের তাড়নায় সেই রিকশাটিও বিক্রি করে গন্তব্য ঢাকায় ইটভাটা শ্রমিক হিসেবে। সেখানে ভাটা মালিকের কাছ থেকে আবার অগ্রীম (দাদন) অর্থ নিয়ে ভাটায় যোগ না দিয়ে রাতারাতি বনে গেলেন আধ্যাত্মিক কবিরাজ।
তার অনুগত কিছু মুরীদের ভাষ্যমতে, গেল দুই মাস আগে ওই রিকশাচালক ৬টি মুসলিম ও ১টি হিন্দু সম্প্রদায়ের জিনের সান্নিধ্য লাভ করে কবিরাজি শুরু করেন। গত দু’মাস ধরে কবিরাজি শুরু করলেও আত্মীয়-স্বজন ও মুরীদানের কল্যাণে গত দুই সপ্তাহ ধরে আধ্যাত্মিক কবিরাজির খবর হালুয়াঘাটসহ আশপাশের উপজেলায় ছড়িয়ে পড়ে। তার কাছে রয়েছে সকল রোগের সমাধান- এমন তথ্যে হাজারো নারী-পুরুষ চিকিৎসা নিতে প্রতিদিন ভিড় করছে তার বাড়িতে।
রিকশাচালক ওই কথিত আধ্যাত্মিক কবিরাজের নাম মুর্শেদ আলী। সে ময়মনসিংহের হালুয়াঘাট উপজেলার ধারা ইউনিয়নের আশ্রমপাড়া গ্রামের নেওয়াজ আলীর ছেলে। কোন অক্ষরজ্ঞান না থাকলেও তিনি এখন সবার কাছে আধ্যাত্মিক কবিরাজ বলে পরিচিত। প্রতিদিন রাত ১০টার পর বাড়ির পেছনে বাঁশ ঝাড়ের নিচে ৫ মিনিটের জন্য নির্ধারিত আসনে বসেন।
অনুসারীদের ভাষ্যমতে, রাত ১০টার পর কবিরাজের- শরীরে জিন আছর করে। মাটিতে তিনবার থাপ্পর দিয়েই তার আসরের সামনের চেয়ারে বসা বিশেষ এক রোগীকে শুরু করেন ঝাঁড়ফুক। মাথা ব্যথা, কোমড় ব্যথা, শারীরিক প্রতিবন্ধী ও প্যারালাইজড এর মতো বিভিন্ন জটিল রোগে আক্রান্ত হাজারো রোগী আসরের চারদিকে বসেন সরিষা তেলের বোতল নিয়ে। চেয়ারে বসা রোগীকে ঝাঁড়ফুক দিলেই নাকি তার প্রভাব চিকিৎসা নিতে আসা সবার উপর পড়ে। শুধু একদিন এলেই হবে না, টানা তিনদিন এসে ঝাঁড়ফুক নিলেই হবে মুশকিল আসান।
প্রতিদিন তার বাড়ির আঙ্গিনায় সন্ধ্যার পর থেকে গভীর রাত পর্যন্ত লেগে থাকে হাজারো রোগীর ভিড়। পুরুষের চেয়ে মহিলা রোগীর সংখ্যাই বেশি। তবে হাঁপানি, শ্বাসকষ্ট, গোপনীয় সমস্যা ও অশ্ব রোগীর তিনি বিশেষভাবে দেখে চিকিৎসা দেন এ কবিরাজ।
নাম প্রকাশে অনিচ্ছুক একাধিক রোগী জানান, এখানে বিশেষ রোগীদের ওষুধ কেনা বাবদ অর্থ নেন কবিরাজ। তার রয়েছে বেশকিছু অনুসারী। যাদের কাজই হচ্ছে চিকিৎসা নিতে আসা রোগীদের মুখরোচক গল্প শোনানো।
চিকিৎসা নিতে আসা উপজেলার মহাজনীকান্দা গ্রামের হাকিম আলী গত শুক্রবার বলেন, আমার বৃদ্ধ বাবা প্যারালাইজড রোগী। গত দু’দিন ধরে এখানে নিয়ে আসছি। তবে এখনো কোন উন্নতি নেই।
মকিমপুর নগুয়া গ্রামের এক রোগী বলেন, এই কবিরাজের কাছে এসেছিলাম অর্শে¦র চিকিৎসার জন্য। শুনেছি তিনি চিকিৎসায় কোন টাকা নেন না। তবে ওষুধ কেনার জন্য আমার কাছে এক হাজার ৫শ টাকা চেয়েছেন।
কথিত কবিরাজ মোর্শেদ আলীর সাথে কথা বলতে চাইলে তার অনুসারীদের বাধায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ বিষয়ে হালুয়াঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান ডা. মুনির আহমেদ বলেন, জ্ঞান ও বিজ্ঞানের ভাষায় এর কোন ভিত্তি নেই। মানুষের বিশ্বাসকে পুঁজি করে দেশের নানা জায়গায় এমন অনেকেই কবিরাজ হিসেবে নিজেকে জাহির করেন। তবে এ ক্ষেত্রে ভয় ও আতঙ্কের বিষয়, যদি কোন জটিল রোগী ডাক্তারের কাছ থেকে সঠিক চিকিৎসা না নিয়ে এসব কবিরাজের কাছে এসে কাল ক্ষেপণ করেন তাহলে তার মৃত্যুর ঝুঁকি থাকতে পারে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা রেজাউল করিম বলেন, এ বিষয়ে এখন পর্যন্ত কোন অভিযোগ পাইনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।