
নালিতাবাড়ী (শেরপুর) : নালিতাবাড়ীর বাবুল হত্যা মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন শেরপুরের আদালত।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে জেলা ও দায়রা জজ মোহাম্মদ আল মামুন জনাকীর্ণ আদালতে আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।
আদালত সূত্র জানায়, প্রথম স্বামী মফিজুল ইসলাম কালুকে তালাক দিয়ে নালিতাবাড়ী উপজেলার উত্তর কোন্নগর এলাকার আরমান আলীর পুত্র বাবুল মিয়াকে বিয়ে করে গৃহবধূ শাহিদা বেগম। ২০১৯ সালের ২৬ ফেব্রুয়ারি মধ্যরাতে বাবুল ও শাহিদা প্রকৃতির ডাকে ঘর থেকে বের হলে ওঁৎ পেতে থাকা মফিজুল ছুরি দিয়ে বাবুলকে কুপিয়ে হত্যা করে। ওই সময় শাহিদা ও স্থানীয় লোকজন কালুকে আটক করে পুলিশে দেয়। পরে সে আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়। মামলাটির বিচারিক প্রক্রিয়া শেষে কালুকে যাবজ্জীবন কারাদণ্ড দেয় আদালত।