
শেরপুর : শেরপুরে নবম শ্রেণি পড়ুয়া এক মাদরাসা ছাত্রীকে অপহরণ ও ধর্ষণের দায়ে মফিজুল ইসলাম নামে এক যুবকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ডসহ ডবল দণ্ড দিয়েছে আদালত।
বুধবার (১৫ ডিসেম্বর) দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আখতারুজ্জামান আসামীর অনুপস্থিতিতে এ রায় ঘোষণা করেন। সাজাপ্রাপ্ত মফিজুল ইসলাম ময়মনসিংহ জেলার কোতোয়ালি থানাধীন বৈঠামারি গ্রামের চানু মন্ডলের ছেলে।
শেরপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পিপি অ্যাডভোকেট গোলাম কিবরিয়া বুলু রায়ের সত্যতা নিশ্চিত করে জানান, ২০১৩ সালের ৪ জুলাই বেলা ২টার দিকে শেরপুর সদরের সাপমারি দাখিল মাদরাসার ৯ম শ্রেণী পড়ুয়া ছাত্রীকে মাদরাসা থেকে তিলকান্দি গ্রামের বাড়ি যাওয়ার পথে মফিজুল তার দুই সহযোগীকে নিয়ে সিএনজি অটোরিক্সাযোগে অপহরণ করে অজ্ঞাত স্থানে নিয়ে যায়। পরে তাকে জোরপূর্বক একাধিকবার ধর্ষণ করে মফিজুল। ঘটনার ২৭ দিন পর ভিকটিমকে উদ্ধার ও ধর্ষককে গ্রেপ্তার করে পুলিশ।
এ ঘটনায় ভিকটিমের বাবা বাদী হয়ে মামলা দায়ের করলে ২০২০ সালের ১৯ অক্টোবর আদালতে চার্জগঠন করা হয়। এরপর জামিন নিয়ে অভিযুক্ত মফিজুল পালিয়ে যায়। বিচারিক পর্যায়ে ৫ সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে ধর্ষণের অভিযোগে মফিজুলের যাবজ্জীবন কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে ৬ মাস এবং অপহরণের অভিযোগে ১৪ বছরের সশ্রম কারাদণ্ডাদেশ প্রদান করেন আদালত।