
শেরপুর : আব্দুল খালেক নামে শেরপুর সার্কিট হাউজের এক কর্মচারীকে র্যাব পরিচয়ে অপহরণ করে মুক্তিপণ দাবির অভিযোগে দুই যুবককে মাগুরা জেলা থেকে গ্রেফতার করেছে পুলিশ। একইসাথে অপহৃত আব্দুল খালেককে উদ্ধারসহ অপহরণকারীদের কাছ থেকে একটি খেলনা পিস্তল, দুটি ওয়াকিটকি, চার্জার ও মোবাইল ফোন উদ্ধার করা হয়।
মঙ্গলবার (১৪ ডিসেম্বর) দিবাগত রাতে মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন- মাগুরা সদর উপজেলার কাশিনাথপুর এলাকার আনসার মোল্লার ছেলে ইয়াসিন আলী (২৫) ও একই এলাকার নায়েব আলী শেখের ছেলে জাহাঙ্গীর হোসেন (৩৩)।
পুলিশ জানায়, গত ১২ ডিসেম্বর শেরপুর সদর উপজেলার কামারিয়া এলাকার বাসিন্দা ও শেরপুর সার্কিট হাউজের চতূর্থ শ্রেণির কর্মচারী আব্দুল খালেক বাড়ি থেকে বের হয়ে ভোর চারটায় নবীনগর বাস টার্মিনাল থেকে মুনিমুক্তা বাসযোগে ঢাকায় যান। ঢাকায় পৌঁছে আব্দুল খালেক মগবাজার যাওয়ার পর ইয়াসিন তাকে ফোন করে তার সাথে দেখা করতে বলে। পরে সেখানে ইয়াসিন ও জাহাঙ্গীরসহ কয়েকজন আব্দুল খালেককে একটি গাড়িতে জোর করে উঠিয়ে চোখ বেঁধে ফেলে এবং নির্যাতন শুরু করে। সেখান থেকে তাকে মাগুরা জেলায় নিয়ে একটি ভবনের দু’তলায় আটকে রেখে নির্যাতন চালায় এবং ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করে। পরে খালেকের পরিবার প্রথমে ৫০ হাজার ও পরে আরও ১০ হাজার টাকা বিকাশের মাধ্যমে অপহরণকারীদের কাছে পাঠায়।
এদিকে ও ঘটনায় খালেকের পরিবার থানায় একটি জিডি করলে পুলিশ তদন্ত শুরু করে। পরে তথ্য-প্রযুক্তি ও র্যাবের সহায়তায় মঙ্গলবার রাতে অপহৃতকে উদ্ধার ও জড়িত দুইজনকে আটক করে।
এ ঘটনায় সদর থানায় বুধবার দুপুরে আব্দুল খালেক বাদী হয়ে ৪ জনের বিরুদ্ধে অপহরণ ও নির্যাতনের অভিযোগে মামলা দায়ের করেন।